তারাগঞ্জে টিআরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির বরাদ্দ ১৮৩ মেট্রিক টন খাদ্যশস্যের বেশির ভাগই লুটপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে জানা যায়, ২০১৩-১৪ অর্থবছরে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর থেকে বিশেষ টিআর কর্মসূচির আওতায় দ্বিতীয় পর্যায়ে ১৩৩ মেট্রিক টন ও তৃতীয় পর্যায়ে ৫০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এসব বরাদ্দের অনুকূলে ১২২টি প্রকল্প নেওয়া হয়। এসব প্রকল্পের মধ্যে ছিল মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার ও ঈদগাহ মাঠে মাটি ভরাটকরণ। গত ৩০ জুনের মধ্যে প্রকল্পগুলোর বিপরীতে গম তুলে নিয়েছেন প্রকল্প চেয়ারম্যানেরা।
গত বৃহস্পতিবার সরেজমিনে ১২টি প্রকল্প এলাকায় কাজ করার কোনো চিহ্ন দেখা যায়নি। এসব এলাকার অন্তত ৫০ জনের সঙ্গে কথা হয়েছে। তাঁরা জানান, প্রকল্পের বরাদ্দ ও কাজ সম্পর্কে তাঁদের কিছুই জানা নেই।
আলমপুর ইউনিয়নের ভিমপুর হাজীপাড়া ফোরকানিয়া মাদ্রাসার ঘর সংস্কারের জন্য ২ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এর বাজারমূল্য ৫৯ হাজার ৩৫২ টাকা। কাজ যথাযথভাবে সম্পন্ন হয়েছে বলে ওই প্রকল্পের গমের ছাড়পত্র দেওয়া হয়েছে। সেই গম প্রকল্পের চেয়ারম্যান তুলেও নিয়েছেন।
সরেজমিনে প্রকল্প এলাকায় কোনো কাজ করার চিহ্ন দেখা যায়নি। এলাকার লোকজন জানান, মাদ্রাসার নামে গম বরাদ্দ দেওয়ার বিষয়ে তাঁরা কিছুই জানেন না। প্রকল্পের কোনো কাজও করা হয়নি। এ ব্যাপারে প্রকল্পের চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, ‘কাজ শুরু করিনি, এখন করব। রাজমিস্ত্রি না পাওয়ায় একটু দেরি হচ্ছে।’
রঘুনাথপুর ডাক্তারপাড়া মাদ্রাসা সংস্কারের জন্য তিন মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এলাকার লোকজন অভিযোগ করেন, নামমাত্র প্রকল্পের কাজ করে বরাদ্দ খাদ্যশস্য আত্মসাৎ করা হয়েছে। প্রকল্পের চেয়ারম্যান রওশন আলী বলেন, গম বিক্রির টাকায় প্রকল্পের কিছু কাজ করা হয়েছে, আরও কাজ করা হবে। তবে একটু সময় লাগবে।
রহিমাপুর দক্ষিণ হাজীপাড়া ফোরকানিয়া মাদ্রাসার ঘর সংস্কারের জন্য এক মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। সরেজমিনে দেখা গেছে, সেখানে কোনো কাজ করা হয়নি। প্রকল্পের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, ‘গম বিক্রির টাকা জমা আছে। দুই-এক দিনের মধ্যে কাজ শুরু করব।’
একই ধরনের অবস্থা টকরের ডাঙ্গা খেলার মাঠ, শিয়ালগাড়ি ফোরকানিয়া মাদ্রাসা, রহিমাপুর সান্ধ্য মনির মাদ্রাসা, পাতাইটাড়ি ঈদগাহ মাঠ, দোয়ালীপাড়া ইটভাটাসংলগ্ন কবরস্থান, শেরমস্ত নগরীপাড়া জামে মসজিদ, ঘোনাপাড়া জামে মসজিদ, রহিমাপুর হাজীপাড়া ফোরকানিয়া মাদ্রাসা, রহিমাপুর সানজেবুড়ির ফোরকানিয়া মাদ্রাসা, হাজীপুর গোদরীপাড়া কবরস্থান ও কওলাপাড়া ঈদগা মাঠের।
এসব প্রকল্প কমিটির সভাপতিরা প্রায় অভিন্ন কথা বলেছেন। তাঁদের কথা, ‘গম বিক্রির টাকা তো আত্মসাৎ করিনি, জমা আছে। এখন কাজ করব।’
পিআইও রেফাউল আজম বলেন, ‘৩০ জুনের মধ্যে প্রকল্পগুলোর কাজ সমাপ্ত করার কথা ছিল। ব্যস্ততার কারণে কোনো প্রকল্প পরিদর্শনে এখনো যেতে পারিনি। তবে এখন প্রকল্পগুলো ঘুরে দেখব। কাজ না করে গম আত্মসাতের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বিশেষ বরাদ্দের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের বেশির ভাগ প্রকল্পেরই এমন দশা। বেশির ভাগ প্রকল্পের কাজ এখনো করা হয়নি। অথচ কাজ সম্পন্ন করা হয়েছে দেখিয়ে ভুয়া ভাউচার ও মাস্টাররোল জমা দিয়ে বরাদ্দ গম তুলে নেওয়া হয়েছে।