তারাগঞ্জে তিন সেতুর অভাবে দুর্ভোগে ৩৭টি গ্রামের মানুষ

রংপুরের তারাগঞ্জ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত দুটি নদীর তিনটি খেয়াঘাটে পাকা সেতু না থাকায় ৩৭টি গ্রামের মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। বিভিন্ন নির্বাচনের সময় স্থানীয় জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও এখনো কেউ তাঁদের কথা রাখেননি।
উপজেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরে হাড়িয়ারকুঠি ইউনিয়নের কালার ঘাট যমুনেশ্বরী নদীর একটি গুরুত্বপূর্ণ খেয়াঘাট। ওই খেয়াঘাটে সেতু না থাকায় দীর্ঘদিন ধরে আশপাশের সাত গ্রামের স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচলের ক্ষেত্রে দুর্ভোগ পোহাচ্ছেন।
চিলাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলী বলেন, কালার ঘাটে সেতু না থাকায় বর্ষাকালে ছেলেমেয়েরা ভয়ে স্কুলে আসতে চায় না। কালার ঘাটের কৃষক আনারুল ইসলাম ও সাহেব আলী বলেন, সেতু নির্মাণ না করায় তাঁরা উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না। এ ছাড়া যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কাসিয়াবাড়ী গ্রামের কৃষক আবদুর রশিদ বলেন, ‘ভোটের আগে-পরে যে দলের নেতায় হামার গ্রামোত আইসে, তারে কাছোত হামরা কাকুতি-মিনতি করছুনো পুলটা বানে দিবার জন্যে। সবায় কথাও দেয় কিন্তু পরে আর দেয় না।’ উজিয়াল গ্রামের কৃষক মনছুর আলী বলেন, ‘পুলের জন্য একবার নৌকাত, একবার নাঙলোত, একবার ধানের শীষোত ভোট দিছনো। তা-ও পুল পাই নাই।’
উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে কুর্শা ও ইকরচালী ইউনিয়নের মধ্যবর্তী যমুনেশ্বরী নদীর মকমালের ঘাটেও সেতু নেই। ফলে বুড়িরহাট, মধ্যপাড়া, কামারপাড়া, রহিমাপুর, খলেয়া, জলুবার, নারায়ণজন, সরকারপাড়া, তেলিপাড়া, মেনানগর, বানিয়াপাড়া, মাছুয়াপাড়া, ফকিরপাড়া, বরাতি, অনন্তপুর, ভুতপাড়া, জানেরপাড়া, জুম্মাপাড়া গ্রামসহ দুই ইউনিয়নের ২০টি গ্রামের মানুষ বছরের পর বছর ঝুঁকি নিয়ে কষ্ট করে চলাচল করছে।
নারায়ণজন গ্রামের কৃষক মতিয়ার রহমান বলেন, ‘হামার হইল বাজান পোড়া কপাল, এটে কোনা একনা পুলেই হামার ভাগ্যেত জুটল না। চেংরা থাকি বুড়া হনুং, কয়দিন পরে মরি যাইম। পুলটা বুঝি আর দেখি যাবার পাইম না।’ মাছুয়াপাড়া গ্রামের দিনমজুর বাবলু মিয়া বলেন, ‘ভোটের সময় নেতারা খালি কয় ভোট দেও, জিতলে প্রথমে সেতুটা করি দেমো। পরে আর পাত্তা পাওয়া না যায়।’
উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে খারুভাজ নদীর খোরার ঘাট একটি গুরুত্বপূর্ণ খেয়াঘাট। ওই খেয়াঘাটের চারপাশে ১০টি গ্রাম আছে। এর মধ্যে খারুভাজ, নদীরপার, বারোঘড়িয়া, মমিনপুর, শান্তিপাড়া, জানপুর, সৈয়দপুরসহ ৮টি গ্রামের ১৪ হাজার মানুষকে বাঁশের তৈরি সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ওই খেয়াঘাটে নদীর ওপর বাঁশের সাঁকোটি নড়বড়ে। শিক্ষার্থী ও পথচারী ঝুঁকি নিয়ে ওই সাঁকোর ওপর দিয়েই চলাচল করছে। অনেকে ঝুঁকিপূর্ণ ওই সাঁকোর ওপর দিয়ে পারপার না হয়ে সাইকেল ও মালামাল কাঁধে নিয়ে সাঁকোর নিচ দিয়ে হেঁটে নদী পার হচ্ছে।
খারুভাজ গ্রামের কৃষক মান্নান মিয়া বলেন, ‘সরকার কত কিছু করে, খালি হামার গ্রামের কাছত পুল কোনা বানেবার না পারে।’
হাড়িয়ারকুঠির ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, খোরার ঘাট ও কালার ঘাটে সেতুর অভাবে ১৭টি গ্রামের মানুষ শিক্ষা, চিকিৎসাসহ নানান ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। তারা যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ পোহাচ্ছে। ওই দুই স্থানে সেতু নির্মাণের জন্য বর্তমান সাংসদকেও অনুরোধ করা হয়েছে।
ইকরচালীর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, মকমালেরঘাটে পাকা সেতু নির্মাণ করলে ২০টি গ্রামের আর্থিক উন্নয়ন ঘটবে।
উপজেলা প্রকৌশলী আহমেদ হায়দার জামান বলেন, দুই-চার দিনের মধ্যে খোঁজ নিয়ে ওই তিন স্থানে সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঢাকায় পাঠানো হবে।