তারাগঞ্জে তিনটি মোটরসাইকেল চুরি
রংপুরের তারাগঞ্জে ১৫ দিনের ব্যবধানে তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে। চোর ও ছিনতাইকারীরা দরজার তালা ভেঙে এবং এক ওষুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে গেছে।২৩ জানুয়ারি রাতে তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট গ্রামের শামসুল সরকারের ঘরের দরজার তালা ভেঙে চোরেরা একটি মোটরসাইকেল নিয়ে যায়। এর আগে ৯ জানুয়ারি ইকরচালী গ্রামীণ ব্যাংকের দরজার তালা ভেঙে আরেকটি মোটরসাইকেল নিয়ে যায়। এ ছাড়া গত ১৫ জুলাই উপজেলার শেরপুর গ্রামের বাসিন্দা ওষুধ ব্যবসায়ী গোলাম আজম রাত সাড়ে ১০টায় বাড়ি ফেরার সময় ডালিয়া সেতুর কাছে এলে ছিনতাইকারীরা তাঁকে আটক করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁকে গুরুতর জখম করে ২০ হাজার টাকাসহ মোটরসাইকেল কেড়ে নেয়। এ ঘটনার প্রতিবাদে ১৯ জানুয়ারি পাঁচ শতাধিক ব্যবসায়ী ও সচেতন নাগরিক বেলা তিনটায় ঢাকা-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ চৌপথিতে মানববন্ধন করেন। এরপর তাঁরা বিক্ষোভ মিছিল শেষে ছিনতাইকারীদের গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেন।তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ সরকার জানান, চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।