তারাগঞ্জে দালাল ছাড়া পশু কেনা যায় না
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পশুর হাটগুলোতে গলায় গামছা পরে ঘুরে বেড়ান দালালেরা। পশু হাটে নিয়ে আসার আগেই মালিকদের সঙ্গে তাঁদের দাম রফা হয়। ওই দামের বেশি যে টাকা বিক্রি হয়, সেই টাকা সংশ্লিষ্ট দালাল নিয়ে নেন। এ ছাড়া হাটে পশু নিয়ে আসার পরও দামদর ঠিক করা হয়। আবার তাৎক্ষণিকভাবে ক্রেতার উপস্থিতিতেও সাংকেতিক ভাষার মাধ্যমে তাঁরা কমিশন ঠিক করে নেন। ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকেই দালালেরা বিভিন্ন অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন। দালাল ছাড়া হাটে পশু বেচাকেনা একরকম অসম্ভব।
রংপুরের তারাগঞ্জ, ছিকলী, একরচালী ও বালাবাড়ির হাটে গিয়ে ক্রেতা-বিক্রেতা ও দালালদের সঙ্গে কথা বলে জানা গেছে, গরু বা ছাগল কেনাবেচা করতে ক্রেতা-বিক্রেতা উভয়কেই দালালের শরণাপন্ন হতে হয়। দালাল না ধরে কোনো ক্রেতা পশু কিনতে গেলে তাঁকে বেশি দামে কিনতে হয়। তারাগঞ্জ হাটে গরু কিনতে আসা কোটিয়ালপাড়া গ্রামের সোলেমান ইসলাম বলেন, দালাল ছাড়া গরু কেনা কঠিন। দালাল না ধরে ক্রেতারা নিজেরাই পশু কিনতে গেলে বেশি দাম দিতে হয়। তাই এক দালালকে ৬০০ টাকা দিয়ে তিনি একটি গরু কিনেছেন।
মেনানগর গ্রামের দালাল আমজাদ হোসেন জানান, পশু বেচাকেনায় সহযোগিতা করে তাঁরা প্রতি হাটে দুই থেকে চার হাজার টাকা রোজগার করেন। হাটে তাঁরা সাংকেতিক ভাষায় কথা বলেন। এ ভাষা পশু ব্যবসায়ী ও দালালেরা ছাড়া অন্য কোনো মানুষ তা বুঝতে পারেন না। আলমপুর গ্রামের দালাল রহিম উদ্দিন বলেন, ‘আমরা তো চুরি-ডাকাতি করি না। পরিশ্রম করে মানুষকে গরু বা ছাগল কিনে দিয়ে কৌশলে কিছু টাকা রোজগার করি। এতে দোষ কী?’
লক্ষ্মীপুর গ্রামের দালাল সিরাজুল ইসলাম বলেন, তাঁরা সাংকেতিক ভাষা ব্যবহার করে পশুর দাম নির্ধারণ করেন। যেমন চামটি মানে চার হাজার, বন্নী পাঁচ হাজার, টিপি ছয় হাজার, ঝালি সাত হাজার, কাটা আট হাজার এবং কুটাল মানে নয় হাজার। তারাগঞ্জ হাটের ইজারাদার চঞ্চল মাহামুদ বলেন, অন্য হাটের মতো তারাগঞ্জ হাটেও দালাল রয়েছেন। কিন্তু ক্রেতা-বিক্রেতার এ নিয়ে কোনো অভিযোগ নেই।