তারাগঞ্জে দুঃসহ যন্ত্রণায় এক প্রতিবন্ধী কিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নে ধর্ষণের শিকার (১৪) এক প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে (৪৫) গতকালই গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই প্রতিবন্ধীর পরিবার, এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই প্রতিবন্ধী কিশোরীর বাবা দিনমজুর। চিকিৎসা ও লেখাপড়া শেখানোর কথা বলে নয় মাস আগে ওই কিশোরীকে অভিযুক্ত ব্যক্তি তাঁর বাড়িতে নিয়ে যান। ওই ব্যক্তি গত ১৪ আগস্ট রাতে কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় কিশোরীটি কান্নাকাটি করলে ওই ব্যক্তি তাকে প্রাণনাশের হুমকি দেন। সেই সঙ্গে তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে ঘটনাটি কাউকে না জানাতে বলে। পরে কিশোরীকে ওই ব্যক্তি একাধিকবার ধর্ষণ করেন। ২০ জানুয়ারি কিশোরীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় তারাগঞ্জ থানায় কথা হয় ওই কিশোরীর সঙ্গে। এ সময় সে বলে, ‘ওই ব্যক্তি মুখ চিপি ধরি জোর করি মোর ইজ্জত কাড়ি নিছে। পরে বিয়াও করিবার চায়া মোর সঙ্গে মেলাবার একই কাজ করছে। ওর জন্য মোর এই হাল। মুই ওর বিচার চাও।’
ওই কিশোরীর মা বলেন, ‘ঘটনাটি সে (প্রতিবন্ধী কিশোরী) পরিবারের কাউকে জানায়নি। পরে শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাকে কিশোরগঞ্জের চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর জানায়, সে অন্তঃসত্ত্বা। পরে সে ওই ব্যক্তি তার সঙ্গে কী করেছে তা আমাদের জানায়।’
ওই কিশোরীর বাবা বলেন, ‘ঘটনাটি ১০ ফ্রেরুয়ারি ওই ব্যক্তির গ্রামবাসীকে জানানো হয়। তাঁরা মামলা করার পরামর্শ দেন। পরে গতকাল তিনি বাদী হয়ে এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেন।’
থানাহাজতে থাকা অবস্থায় ওই ব্যক্তি বলেন, ’তোমরা যদি মনে করো, মোর জন্য মেয়েটির এই অবস্থা, তাহলে তোমরা ওক দিয়া মোর বিয়াও দেও।’
এ ব্যাপারে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিয়া বলেন, ‘ওই কিশোরীর পরিবার থানায় আসার পর ওই ঘটনায় মামলা নেওয়া হয়। গতকাল বিকেলে আমি নিজেই বুড়িরহাট বাজার থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।’