তারাগঞ্জে ধর্ষণের শিকার কলেজছাত্রীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে ধর্ষণের শিকার এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। তাঁর পরিবারের অভিযোগ, ধর্ষণের ঘটনায় করা মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা হুমকি দেওয়ায় গত শুক্রবার রাতে তিনি বিষপানে আত্মহত্যা করেন।
ওই ছাত্রীর নাম অর্চনা রানী দাস (১৮)। তিনি তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর বড়গোলা গ্রামের বিষ্টু চন্দ্র দাসের মেয়ে এবং তারাগঞ্জ কারিগরি বিএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
অর্চনার পরিবার, এলাকাবাসী ও এজাহারের বিবরণ অনুযায়ী, ১৫ এপ্রিল অর্চনার বাবা-মা পাশের বানিয়াপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে রাত ১১টায় পূর্ব পরিচয়ের সূত্রে তাঁদের বাড়িতে আসেন একই গ্রামের লিপন দাস। জরুরি কথা আছে বলে দরজা খুলতে বলেন। একপর্যায়ে অর্চনা দরজা খুলে দেন।
এরপর লিপন ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। পরদিন অর্চনার বাবা-মা বিষয়টি লিপনের বাবা ও ভাইকে জানান। তাঁরা অর্চনার সঙ্গে লিপনের বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
তিন দিন পর লিপনের পরিবার দুই লাখ টাকা নিয়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন। এতে রাজি না হয়ে অর্চনা গত মঙ্গলবার সকালে লিপনদের বাড়িতে গিয়ে তাঁকে বিয়ে করার জন্য চাপ দেন। এতে ক্ষুব্ধ হয়ে লিপনের বাবা ও ভাইয়েরা অর্চনাকে মারধর করে তাড়িয়ে দেন।
ওই দিন রাতেই অর্চনা বাদী হয়ে লিপন দাসসহ পাঁচজনকে আসামি করে তারাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ পরদিন লিপন দাসকে আটক করে জেলহাজতে পাঠায়।
এতে ক্ষুব্ধ হয়ে মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা অর্চনা ও তাঁর পরিবারকে হুমকি দেন। বৃহস্পতিবার সকালে অর্চনা বিষয়টি মৌখিকভাবে তারাগঞ্জ থানার পুলিশকে জানান। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে গত শুক্রবার বিকেলে নিজ বাড়িতে বিষপান করেন। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত ১১টায় অর্চনা মারা যান।
এ ব্যাপারে কথা বলতে লিপন দাসের বাড়িতে গিয়ে দরজায় তালা ঝুলতে দেখা যায়। প্রতিবেশীরা জানান, অর্চনার আত্মহত্যার খবর পাওয়ার পর আসামিরা পালিয়েছেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘ওই ছাত্রীর আত্মহত্যার খবর পেয়েছি। আমরা ইতিমধ্যে ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছি। মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ আমাকে জানানো হয়নি।’