তারাগঞ্জে ধানের দরপতনে হতাশ কৃষক
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ধানের দরপতন হয়েছে। গত ১৫ দিনের ব্যবধানে প্রতি মণ ধানের দাম ৫০-৬০ টাকা কমে গেছে। এতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
কয়েকজন কৃষক জানান, প্রতি মণ (২৮ কেজি) ধান ৪৫০ টাকায় বিক্রি করলেও তাঁদের উৎপাদন খরচ উঠবে না। তাই বেশি দামের আশায় ধান ঘরে রেখে এখন অনেক কৃষক বিপাকে পড়েছেন। ধান বিক্রি করতে হাটবাজারে গেলে ক্রেতা মিলছে না। কিছুদিন পরই বোরো ধান এলে দাম আরও কমে যেতে পারে।
গত মঙ্গলবার ইকরচালী এবং সোমবার তারাগঞ্জ হাটে গিয়ে কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিআর-১১, বিনা সেভেন ও স্বর্ণা জাতের ধান প্রতি মণ ৩৫০-৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ ১৫ দিন আগেও এগুলো প্রতি মণ গড়ে ৪১০-৪২০ টাকায় বিক্রি হয়েছে।
মেনানগর গ্রামের কৃষক মমিন হোসেন বলেন, ‘কেষকের আইজ কী অবস্থা, সেই খবর কাও নেওচে না। বসি বসি সবাই ধানের ভাত খাওচে কিন্তুক ফোড় (হিসাব) গনোচে না। সরকার আবাদ করলে বুজিল হয় কত ধানে কত খরচ।’
জগদীশপুর গ্রামের কৃষক মজনু মিয়া বলেন, ‘ফসলের দাম না পায়া হামরা যখন আবাদ করা ছাড়ি দেমো, তখন সবাই বুজবে।’
উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বনাথ সরকার বলেন, ‘তারাগঞ্জে এ বছর ৯ হাজার ৮০০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। ধান উৎপাদন হয়েছে প্রায় ৩৮ হাজার ২০০ মেট্রিক টন। এই সময় ধানের দাম বেশি হওয়ার কথা থাকলেও হচ্ছে তার উল্টোটা। কী কারণে ধানের দাম কমে যাচ্ছে, তা বুঝতে পারছি না।’
উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন বলেন, এবার তারাগঞ্জে সরকারিভাবে ধান কেনা হয়নি। ৩১ টাকা কেজি দরে মাত্র ৪২৪ মেট্রিক টন চাল কেনা হয়েছে।