তারাগঞ্জে নির্বাচনী প্রচারণায় শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। নির্বাচনের প্রচারণায় শিশুরাও যুক্ত হয়েছে। তারা বিভিন্ন প্রার্থীর পক্ষে গ্রামে গ্রামে মিছিল করছে। তাদের মিছিল ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে পঞ্চম দফায় ২৮ মে নির্বাচন হবে।
কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে প্রার্থীদের চোখে ঘুম নেই। তাঁরা দিনরাত গ্রামগঞ্জে ছুটে বেড়াচ্ছেন। কর্মীরাও ভোটারদের কাছে বিভিন্ন কৌশলে প্রচারণা চালাচ্ছেন। মুড়ি, বিস্কুট ও টাকা নিয়ে শিশুরা বিভিন্ন প্রার্থীর হয়ে সকাল-বিকেল মিছিল করছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রামাণিকপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, ৩০-৩৫ জনের একদল শিশু হাতে হ্যান্ডবিল, পোস্টার নিয়ে ইকরচালী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড়ের সংরক্ষিত আসনের (নারী) পদপ্রার্থী লাবণী বেগমের পক্ষে ‘একটা ভোটের মূল্য আছে, ভোট দিবেন না কলাগাছে। লাবণী আপা ভালো লোক, জয়ের মালা তাঁরে হোক, লাবণী আপার চরিত্র ফুলের মতো পবিত্র’সহ নানা শ্লোগান দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে মিছিল করছে।
ওই মিছিলে অংশ নেওয়া ১০ বছরের শিশু মঞ্জু মিয়া বলে, ‘স্যার, এমনি নয়, হামরা টাকা নিয়া মিছিল করিছি। ঘণ্টায় ১০ টাকা নেই। মিছিল শেষোত মুড়ি-চানাচুর খাই।’
ইকরচালী বাজারে দেখা যায়, আরেক দল শিশু ইকরচালী ইউনিয়নের জাতীয় পার্টির প্রার্থী মোবারক হোসেনের লাঙল মার্কার মিছিল করছে। এমন সময় মিছিলের দলে থাকা শিশু আজানুর রহমান (১২) বলে, ‘যায় হামাক টাকা দেয়, তার মার্কার মিছিল করি গ্রামে গ্রামে ঘুরি। চা-মুড়ি খইও খাই। টাকা না হইলে মিছিল করবার যাই না।’
ওই মিছিলে থাকা আরেক শিশু রুকুন ইসলাম (১৩) বলে, ‘মিছিল করার হামার একটা দল আছে। সেই দলে হামরা ৩০-৩৫ জন আছি। বিকালের মধ্যেই হামরা সোবায় একটে হই। হামার দলের একজন নেতা আছে। তার নাম সাজ্জাদুল ইসলাম। সাজ্জাদুল ভাই চেয়ারম্যান-মেম্বার প্রার্থীর সঙ্গে কথা কয়া মিছিলের জন্যে টাকা নেয়। প্রত্যেক ঘণ্টা মিছিলের জন্যে একজনের জন্য ১০ টাকা করি নেওয়া হয়। হামরা এক দিনে চার-পাঁচটা মার্কারও মিছিল করি।’
গতকাল শুক্রবার সকালে হাড়িয়ারকুঠি ইউনিয়নে হাতিবান্ধা বাজারে দেখা যায়, আরেক দল শিশু মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ সময় নয় বছরের শিশু মোক্তার হোসেন বলে, ‘এখন কথা কওয়ার সময় নাই। নৌকা মার্কার মিছিল করবার জন্যে হামরা টাকা নিচ্ছি। মিছিল না করলে টাকা ঘুরি দিবার নাগবে। যেদিন বেশি প্রার্থীক পাই, সেদিন হামার কামাই বেশি হয়। আজ নৌকা মার্কার মিছিল শেষ হইলে আবার মশাল মার্কার মিছিল শুরু করমো।’
হাড়িয়ারকুঠি ইউনিয়নের বিএনপির প্রার্থী আসাদুজ্জামান নুর বলেন, শিশুরা নিজ ইচ্ছায় মিছিল নিয়া আসলে তাদের চা-মুড়ি খাওয়ার জন্য কিছু টাকা দেওয়া হয়। তা ছাড়া ওদের মিছিল ভোটারদের ভালোই লাগে। নির্বাচনে শুধু ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বললে চলে না। মাঠ গরম রাখার জন্য মিছিল হলে ভালো হয়।