তারাগঞ্জে পচন রোগে আদার আবাদ কমছে
পচন রোগ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন রংপুরের তারাগঞ্জ উপজেলার আদাচাষিরা। এবারও খেতে পচন রোগ দেখা দিয়েছে। এতে দিন দিন উৎপাদন কমে যাচ্ছে। এ কারণে এ এলাকায় অন্যতম প্রধান অর্থকরী ফসল আদা চাষে কৃষকেরা আগ্রহ হারাচ্ছেন।কৃষি বিভাগ জানিয়েছে, রোগাক্রান্ত খেত থেকে বীজ সংগ্রহ করে রোপণ করায় এ রোগ দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ১৫-১৬ বছর আগে এখানে ব্যাপক হারে তামাকের চাষ হতো। বুড়িরহাট গ্রামের শামছুল হক নামের এক কৃষকের আদা চাষ দেখে অন্য কৃষকেরা আদা চাষ শুরু করেন। লাভ বেশি হওয়ায় তাঁরা তামাক চাষ বাদ দিয়ে আদা চাষে জড়িয়ে পড়েন। এবার এক হাজার ৯০০ একর জমিতে আদা চাষ হয়েছে। কিন্তু খেতে পচন দেখা দেওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। বাজারের প্রচলিত কীটনাশক প্রয়োগ করেও এ রোগ দমন না হওয়ায় কৃষকেরা অসহায় হয়ে পড়েছেন। সয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, ১২ বছর আগেও তিনি তামাকের চাষ করতেন। ২০০০ সালে ১০ শতক জমিতে আদা চাষ করে তামাকের চেয়ে চার গুণ বেশি লাভ হয়েছে। এ কারণে তিনি তখন থেকে আদার চাষ করছেন। এবার ৫০ শতক জমিতে আদার চাষ করেছেন। কিন্তু পচন রোগে আক্রান্ত হয়ে তাঁর ১৬ শতক জমির আদা নষ্ট হয়ে গেছে। চিলাপাক গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘ধানও নেয়ছে না, আদাও পচি যায়ছে। দুই-তিনবার করি ঔষধ দিয়াও আদার গাছগুলা বাঁচা যায়ছে না।’ অনন্তপুর গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, ‘গাছগুলা দেখি মনে হছিল, এইবার বুঝি ফলন ভালো হইবে। কিন্তুক হঠাৎ কেনে বা গাছগুলা হলুদ হয়া গেইছি। গাছের গোড়া খুলি দেখি, বীজ আদাগুলা পচি গেইছে।’উপজেলা কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র ঘোষ জানান, রোগাক্রান্ত খেত থেকে বীজ সংগ্রহ করে রোপণ করলে এ রোগ দেখা দেয়। ভালো খেত থেকে বীজ সংগ্রহ করতে হবে। একই জমিতে প্রতিবছর আদা চাষ করা যাবে না। উঁচু জমিতে আদা চাষ করলে এ রোগ দেখা দেবে না। যে খেতে পচন রোগ দেখা দিয়েছে, সেই খেতের আক্রান্ত আদাগাছগুলো তুলে সেখানে অনুমোদিত ছত্রাকনাশক সাত দিন পর পর ছিটালে এ রোগের বিস্তার কিছুটা কমে যাবে বলে জানান তিনি।