তারাগঞ্জে পশুর হাটে দালালদের উৎপাত
রংপুরের তারাগঞ্জে কোরবানির পশুর হাটগুলোতে দালালদের তৎপরতা ব্যাপকভাবে বেড়েছে। দালাল ছাড়া গরু ও ছাগল বিক্রি করা যাচ্ছে না। এগুলো বিক্রি হওয়ার পর দালালরা ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে জোর করে ৫০ টাকা থেকে শুরু করে ১২ হাজার টাকা পর্যন্ত কমিশন আদায় করছে। দালালদের মাধ্যমে পশু বিক্রি না করলে বিক্রেতাদের হয়রানি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে তারাগঞ্জে ১০টি অস্থায়ী কোরবানির পশুর হাট গড়ে উঠেছে। এ ছাড়া উপজেলার স্থায়ী ১১টি হাটেও কোরবানির পশু বিক্রি করা হচ্ছে। সরেজমিন এসব হাটে গিয়ে দালালদের ঘোরাঘুরি করতে দেখা গেছে। গত শুক্রবার তারাগঞ্জ হাটে গরু বিক্রি করতে আসা উপজেলার ঠাকুরপাড়া গ্রামের আমজাদ হোসেন বলেন, ‘পশুর হাটোত দালাল না ধরলে গরু ও ছাগল বেচা হয় না। দালাল ধরলেও ফির ঠগায়, না ধরলেও ফির হয়রানি করে।’ গরু কিনতে আসা শাহ্পাড়া গ্রামের মোফাজ্জল হোসেন জানান, দালাল ছাড়া পশুর হাটগুলোতে গরু-ছাগল কেনা এখন দুষ্কর হয়ে পড়েছে। ক্রেতা কোনো পশুর দাম জানতে চাইলে দালালরা একজোট হয়ে সেই পশুর দাম দ্বিগুণ বাড়িয়ে দেয়। এতে ক্রেতাদের সমস্যা হয়। হাতীবান্ধা গ্রামের নাজমুল হক অভিযোগ করেন, তিনি গত শুক্রবার তারাগঞ্জ হাটে একটি গরু বিক্রি করতে নিয়ে যান। দালালদের কারণে তিনি বিকেল পাঁচটা পর্যন্ত গরুটি বিক্রি করতে পারেননি। শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে বুড়ীরহাট গ্রামের দালাল আজমলকে গরুটি বিক্রি করতে দেন। আজমল সেটি সন্ধ্যা সাতটায় ৪০ হাজার টাকায় বিক্রি করেন। কিন্তু আজমল তাঁর হাতে ৩৩ হাজার টাকা দেন। এ ব্যাপারে স্থানীয় কুর্শা ইউনিয়ন পরিষদের সদস্য তুহিনুর ইসলামের কাছে অভিযোগ করলে ওই দালাল তাঁর বাকি সাত হাজার টাকা ফেরত দেন। তারাগঞ্জ হাটের ইজারাদার শওকত চৌধুরী বলেন, শুধু তারাগঞ্জ হাটেই নয়, সব পশুর হাটে দালাল আছে।