তারাগঞ্জে পাঁচ ঘণ্টা মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর-ঢাকা মহাসড়কের তারাগঞ্জের ইকরচালি-বামনদিঘীতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা প্রায় তিনটা পর্যন্ত অবরোধ করে রাখা হয়। মেনানগর গ্রামে আহমদিয়া মুসলিম জামায়াত-সমর্থিতদের উৎখাত, উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ ও এলাকার গ্রেপ্তার ১২ জনের মুক্তির দাবিতে ওই মহাসড়ক অবরোধ করেন আহমদিয়াবিরোধীরা। ওই সময় যানবাহনগুলো বিকল্প পথে ৫০-৬০ কিলোমিটার ঘুরে ঠাঁকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ বিভিন্ন স্থানে চলাচল করে। পরে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল আলোচনার ভিত্তিতে ঘটনার সুরাহা করার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন। মেনানগর গ্রামের আহমদিয়া-সমর্থিতদের উৎখাতের দাবিতে বুধবার তাঁদের মসজিদ ও একজনের বসতঘর জ্বালিয়ে দেওয়া হয়। গতকাল বিকেলে উভয় পক্ষকে নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে সমঝোতা বৈঠক করে প্রশাসন। বৈঠকে ৩০ নভেম্বরের মধ্যে নিরপেক্ষ কমিটি করে ঘটনার সুরাহার সিদ্ধান্ত হয়।