রংপুরের তারাগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আবদুল্লাহকে (৫০) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে তাঁর ছেলে মেহেদী হাসান গতকাল শনিবার দুপুরে তারাগঞ্জ থানায় মামলা করেছেন। বিদ্যালয়ের দুটি পদের নিয়োগ পরীক্ষা ভণ্ডুল করতে তাঁকে অপহরণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় আসামি করা হয়েছে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের চেয়ারম্যান কুমারেশ রায়সহ পাঁচজনকে। অন্যরা হলেন—এলাকার আবদুর রশিদ, রফিকুল ইসলাম, আবু তালেব ও বেলাল হোসেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, কাশিয়াবাড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী গ্রন্থাগারিক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল মাস দুয়েক আগে বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পদ দুটি পূরণের উদ্যোগ নেন। গতকাল বেলা ১১টায় রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ওই দুটি পদে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।এজাহারে আরও বলা হয়েছে, নিয়োগ পরীক্ষার ব্যাপারে আলোচনার কথা বলে চেয়ারম্যান কুমারেশ রায় গত শুক্রবার বেলা তিনটার দিকে শেখ আবদুল্লাহকে মুঠোফোনে ডেকে নেন এবং রাতে তাঁকে আবদুর রশিদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। আবদুর রশিদ এর আগে বিদ্যালয়টির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। ওই দিন সন্ধ্যার পর রফিকুল ইসলাম নামে এলাকার এক ব্যক্তি আবদুর রশিদের ভাগনির বিয়ের কথা বলে ওই শিক্ষককে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। বাইরে তাঁদের সঙ্গে যোগ দেন উজিয়াল সরকারপাড়া গ্রামের বেলাল হোসেন, জুম্মাপাড়া গ্রামের আবু তালেব ও খলেয়া নন্দরাম গ্রামের আবদুর রশিদ। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে শেখ আবদুল্লাহর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।