তারাগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে নুর হোসেন (২২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তাঁর শ্বশুরসহ আরও চারজন আহত হয়েছেন। রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের আধাহেইন্না গ্রামে গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলার লালদীঘি গ্রামের মোজাহারুল ইসলামের ছেলে নুর হোসেন গত শুক্রবার তাঁর শ্বশুর আমিনুর ইসলামের বাড়িতে বেড়াতে আসেন। তিনি গতকাল তাঁর শ্বশুরের সঙ্গে আধাহেইন্না মাঠে আমন ধানের চারা রোপণ করতে যান। বেলা দুইটার দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়। এতে ওই মাঠেই নুর হোসেন মারা যান। এ সময় তাঁর শ্বশুর আমিনুর ইসলাম, নানাশ্বশুর আনছার আলীসহ চারজন আহত হন। আহত লোকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুমারেশ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।