তারাগঞ্জে বাছাই পর্ব শেষ, চলছে কর্মী গোছানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিন বড় রাজনৈতিক দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী কর্মী বাহিনী গড়ে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন।
৫ মে তাঁদের মনোনয়নপত্র বাছাইয়ের ঝামেলা মিটে যাওয়ার পর প্রার্থীরা মূলত এখন নির্বাচনী কর্মী বাহিনী গোছাতে নেমে পড়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় ও বিভিন্ন দলীয় সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে পাঁচ ইউপিতে আওয়ামী লীগের পাঁচজন, জাতীয় পার্টির পাঁচজন, বিএনপির তিনজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের চারজন, জাসদের একজন, এলডিপির একজন ও স্বতন্ত্র প্রার্থীর ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলার বিভিন্ন এলাকার একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার নির্বাচনে মূলত লড়াই হবে হাড়িয়ারকুঠি ইউপিতে জাসদের প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের প্রার্থীর, কুর্শা ইউপিতে জাতীয় পার্টি প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী, ইকরচালী ইউপিতে জাতীয় পার্টির প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর, সয়ার ও আলমপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের প্রার্থীর।
ইকরচালী ইউনিয়নের জাপার প্রার্থী মোবারক হোসেন বলেন, ‘বাছাইপর্বটি শেষ। মার্কা পেলে ভালোভাবে নির্বাচনের কাজে নামব। এখন ওয়ার্ড-গ্রাম থেকে নির্বাচনী কর্মী বেছে বের করতে শুরু করেছি। গত পাঁচটি বছর আমি জনগণের সুখে-দুঃখে তাঁদের পাশে থেকেছি। সেদিক বিচার করলে জনগণ আমাকেই ভোট দেবেন বলে আমি বিশ্বাস করি।’
নির্বাচনের বিষয়ে জানতে চাইলে হাড়িয়ারকুঠি ইউনিয়নের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী কুমারেশ রায় বলেন, ‘এলাকার লোক পরপর তিনবার আমাকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমি ইউনিয়নে পরিচিত মুখ। এলাকার অনেক উন্নয়নমূলক কাজ করেছি। কৃষকের গরু চুরি ও ডাকাতি রোধ করেছি। রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করেছি। আমি এবার নির্বাচিত হলে হাড়িয়ারকুঠি ইউনিয়নকে আদর্শ ইউনিয়ন হিসেবে উপহার দেব।’
নির্বাচনের বিষয়ে জানতে চাইলে কুর্শা ইউনিয়নের জাপার প্রার্থী শাহিনুর ইসলাম বলেন, ‘আমি ১০ বছর চেয়ারম্যান ছিলাম। আমার আমলে তারাগঞ্জে হাটের কোটি টাকার উন্নয়ন হয়েছে। স্থানীয় সাংসদের সহযোগিতায় এলাকায় রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন ও সেতু নির্মাণ করেছি। এখন আমি গ্রামগঞ্জে নির্বাচনী কর্মী বাহিনীর সদস্যদের নিয়ে নিজের প্রচারণার কাজ গুছিয়ে নিচ্ছি।’
পঞ্চম দফায় ২৮ মে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।