তারাগঞ্জে বাজারে বিক্রি হচ্ছে নিম্নমানের খেজুর
রমজান মাস শুরু হওয়ার পর রংপুরের তারাগঞ্জ উপজেলার ২১টি হাট-বাজারে নিম্নমানের খেজুর বিক্রি করা হচ্ছে। এসব খেজুর খেয়ে মানুষ পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী শলিয়ার রহমান রোববার তারাগঞ্জ হাট থেকে আধা কেজি খেজুর কেনেন। তিনি জানান, অনেক শখ করে খেজুর কেনা হয়েছিল। কিন্তু নরম হয়ে যাওয়ায় ও দুর্গন্ধের কারণে তিনি সেগুলো খেতে পারেননি। ক্রেতারা জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করা এসব খেজুর ভেজা। খেজুরের বস্তা বেয়ে রস পড়ছে। বস্তায় মেয়াদের কোনো তারিখ নেই। ফলে এগুলো স্বাস্থ্যসম্মত কি না তা জানা যাচ্ছে না।
কয়েকজন ফল বিক্রেতা জানান, রোজার আগে থেকেই এলাকায় নিম্নমানের খেজুর ঢুকছে। এখানে আসার আগে রংপুর ও নীলফামারীর সৈয়দপুরসহ বড় বড় শহরের বিভিন্ন গুদামে খেজুর মজুত করা ছিল। মাসের পর মাস গুদামে নির্দিষ্ট তাপমাত্রায় না রাখায় এসব খেজুর খাবার অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ্ জাহান জানান, নিম্নমানের খেজুর খাওয়ার কারণে পেটের পীড়াসহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (স্যানিটরি ইন্সপেক্টর) মুমিনুর রহমান জানান, শিগগিরই প্রশাসনের সহায়তায় অভিযান চালিয়ে এ ধরনের খেজুর বিক্রি বন্ধের উদ্যোগ নেওয়া হবে।