তারাগঞ্জে বেতন ও বৈশাখী ভাতা পাননি শিক্ষক-কর্মচারীরা
রংপুরের তারাগঞ্জ উপজেলার ৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক-কর্মচারী মার্চ মাসের বেতনসহ বৈশাখী উৎসব ভাতা পাননি। বছরের প্রথম দিনটি পরিবার-পরিজন নিয়ে একটু ভালোভাবে পার করার আশা অর্থাভাবে পূরন না হওয়ায় এসব মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। অস্থায়ী শিক্ষা কর্মকর্তা কোনো বেতন-বিলে স্বাক্ষর করতে না পারায় এ সমস্যা তৈরি হয়েছে বলে জানা গেছে।
কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নের ৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৭৩ জন শিক্ষক, ২২ জন কর্মচারী আছেন। তাঁরা সাধারণত প্রতি মাসের ১-২ তারিখের মধ্যে সোনালী ব্যাংক তারাগঞ্জ শাখা থেকে বেতন-ভাতা তোলেন। কিন্তু এবার এপ্রিলের ১৩ তারিখ পার হয়ে গেলেও গত মার্চ মাসের বেতনের টাকাই এখনো তুলতে পারেননি।
শ্যামগঞ্জ কাচারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম বলেন, ‘বেতনের জন্য প্রতিদিন শিক্ষা অফিসে ধরনা দিচ্ছি। স্যার বেতন আজ দেবেন, কাল দেবেন বলে কয়েক দিন ধরে ঘোরাচ্ছেন।’
নাম প্রকাশ না করার শর্তে তিনজন সহকারী শিক্ষক অভিযোগ করেন, ‘বেতনের টাকায় চলে পুরো সংসার। ৩০ দিন বাকিতে সদাই কিনি। মাস শেষে ১ থেকে ২ তারিখের মধ্যে বেতন তুলে দোকানদারের পাওনা পরিশোধ করি। কিন্তু এপ্রিলের ১৩ দিন চলে গেলেও দোকানদারদের পাওনা পরিশোধ করতে পারিনি। টাকা না পেয়ে অনেক শিক্ষক কষ্টে আছেন।’
চান্দেরপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাপ্তরিক সহিদার রহমান বলেন, ‘আমার সন্তান বৈশাখীর জামার জন্য কয়েক দিন ধরে বায়না ধরছে। ভাবছিলাম বৈশাখী ভাতা উত্তোলন করে সন্তানদের বায়না মেটাব, কিন্তু তা হলো না।’
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হরিপদ রায় অভিযোগ করেন, বর্তমানে দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতায় স্বাক্ষর করছেন না। এমনকি তিনি বৈশাখী উৎসব ভাতায়ও স্বাক্ষর করেননি। তাই মার্চ মাসের বেতন ও বৈশাখী উৎসব ভাতা ব্যাংক থেকে তুলতে পারছেন না শিক্ষকেরা। অর্থাভাবে বৈশাখী উৎসব উদ্যাপন করতে না পেরে শিক্ষকেরা কষ্টে আছেন। এবার তাঁরা বৈশাখী উৎসব থেকে বঞ্চিত হচ্ছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম গত বছরের ৪ এপ্রিল ডেপুটেশনে (প্রষণ) গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যান। এর কিছুদিন পর সেখান থেকে তিনি চিকিৎসা ছুটি নেন। ওই সময় থেকে তারাগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনিই শিক্ষকদের বেতন-ভাতা ছাড় দিতেন। কিন্তু মিনারা বেগম গত ৬ মার্চ অন্যত্র বদলি হয়ে যান। এরপর ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন কেশব চন্দ্র বর্মণ। কিন্তু শিক্ষক-কর্মচারীদের কোনো বিল অনুমোদন দিয়ে তাতে স্বাক্ষরের এখতিয়ার তাঁকে দেওয়া হয়নি।
উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা কেশব চন্দ্র বলেন, ‘আমি অস্থায়ী শিক্ষা কর্মকর্তার দায়িত্বে আছি। কোনো বিল-ভাতায় স্বাক্ষর করতে পারব না। এ ক্ষমতা আমাকে দেওয়া হয়নি। শিক্ষক-কর্মচারীরা বেতন ও বৈশাখী ভাতা না পাওয়ায় নিজেরই খুব কষ্ট লাগছে।’ তিনি আরও বলেন, ‘শিক্ষকদের বেতন-ভাতায় স্বাক্ষর করার ক্ষমতা চেয়ে ২১ মার্চ জেলা শিক্ষা কর্মকর্তার নিকট আবেদন করেছি।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি আনিছুর রহমান বলেন, ‘শিক্ষকেরা গতকাল আমার দপ্তরের এসে তাঁদের সমস্যার কথা বলেছেন। বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য গতকালই মুঠোফোনে উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাকে বলেছি।’
রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘তারাগঞ্জের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তাকে আর্থিক ক্ষমতা দেওয়ার জন্য শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। আশা করি আজ-কালের মধ্যে চিঠির জবাব পাওয়া যাবে।’ তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত খোঁজ নিয়ে জানা যায়, তখন পর্যন্ত ওই চিঠির জবাব পাওয়া যায়নি।