তারাগঞ্জে মাদ্রাসার সেই সুপারকে বরখাস্ত
রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুটি দাখিল মাদ্রাসার সুপার আতাউর রহমানকে (৩৮) অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওই মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহাবুল হোসেন বলেন, সুপারের বিরুদ্ধে শিক্ষিকাকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। তার নামে থানায় মামলা হয়েছে। দীর্ঘদিন থেকে তিনি মাদ্রাসায় আসছেন না। তাই ৩ এপ্রিল সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করার জন্য সহকারী শিক্ষক তোছাদেক হোসেনকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
সুপার আতাউর রহমান মুঠোফোনে বলেন, ‘পরিচালনা কমিটি কী সিদ্ধান্ত নিয়েছে, তা জানি না। একটু সমস্যায় পড়েছি, তাই মাদ্রাসায় যেতে পারছি না।’
অভিযোগ রয়েছে, আতাউর রহমান ১৮ মার্চ এক শিক্ষিকাকে অপহরণ করেন। এ ঘটনায় ওই শিক্ষিকার স্বামী পরের দিন তারাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সুপারসহ পাঁচজনের নামে মামলা করেন।