রংপুরের তারাগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হওয়া মামলার বাদীকে মামলা তুলে নিতে আসামিপক্ষের লোকজন হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার দুই মাস পরেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি বিকেলে ওই কিশোরী (১৩) বাড়ির পাশে মাঠে খেলা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিল। পথে ফাজিলপুর গ্রামের আবদুল লতিফ (২০) ও রুবেল হোসেন (১৮) তাকে পাশের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। এ ঘটনায় ওই কিশোরীর বাবা পরদিন তারাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে লতিফ ও রুবেলের বিরুদ্ধে মামলা করেন।বাদী অভিযোগ করেন, পুলিশ এখনো লতিফ ও রুবেলকে গ্রেপ্তার করেনি। লতিফের বাবা মোকছেদ আলী এখন মামলা তুলে নিতে তাঁকে ও তাঁর পরিবারকে হুমকি দিচ্ছেন।লতিফ ও রুবেল হোসেনের বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যাইনি। লতিফের বাবা মোকছেদ আলী দাবি করেন, ‘আমি তো কাউকে হুমকি দিইনি। মামলাটা মীমাংসা করার অনুরোধ করেছি।’তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, আসামিদের ধরার চেষ্টা করা হচ্ছে।