তারাগঞ্জে রাস্তার ওপর বসা হাটে রমজান মাসে দুর্ভোগ তীব্র
রংপুরের তারাগঞ্জ উপজেলার চারটি সড়কের ওপর হাট বসায় যাত্রী ও পথচারীদের এমনিতেই দুর্ভোগ পোহাতে হয়। রমজান ও ঈদকে সামনে রেখে এসব সড়কে যেন পণ্য বিক্রির মচ্ছব লেগেছে। অন্যান্য পণ্যের সঙ্গে ইফতারি আর ঈদপণ্য নিয়ে বসা হাঁটুরে আর তা কিনতে আসা লোকজনের ভিড়ে এখন সড়কে পা ফেলাই মুশকিল।
উপজেলার সবচেয়ে বড় হাট হচ্ছে তারাগঞ্জ হাট। তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে প্রতি সোম ও শুক্রবার হাটটি বসে। কুশরা ইউনিয়নের অনন্তপুর গ্রামের বাসিন্দা আবদুর রহমান গত শুক্রবার বিকেল চারটার দিকে এ হাটে এসেছিলেন মাছ কিনতে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এমন ভিড়ত পড়ছি, গাড়ি আর মাইনসের জন্য মুই নড়বারই পাও নাই। আগেও হাটবারে এ পথত ভিড় থাকত। কিন্তু অহন চলনই যায় না।’
এদিকে ইকরচালী-মেনানগর সড়কেও সপ্তাহের ওই দুদিন বসে হাট। জায়গার অভাবে বমনদীঘি-হাতীবান্ধা সড়কের ওপর ডাংগীরহাট এবং ইকরচালী-মণ্ডলপাড়া সড়কের ওপর বসছে মাঝেরহাট।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান বলেন, অপরিকল্পিতভাবে জায়গা বন্দোবস্ত দেওয়ায় পুরো বাজার আধপাকা দোকানঘরে ভরে গেছে। কৃষকেরা আর বাজারে ঠাঁই পাচ্ছেন না। হাটগুলোর জায়গা সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।