তারাগঞ্জে রাস্তার ওপর হাট, জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ হাটের ভেতরে কৃষকদের ফসল বিক্রির জায়গা না থাকায় তাঁরা সপ্তাহে দুই দিন সোম ও শুক্রবার তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে হাট বসান। এতে ওই সড়ক দিয়ে চলতে লোকজনকে মারাত্মক ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এলাকার কয়েকজন জানান, তারাগঞ্জ বাজারের ভেতর দিয়ে যে ১১ কিলোমিটার সড়কটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদরে চলে গেছে, সেই সড়ক ধরে দুই উপজেলার মানুষ, অসংখ্য যানবাহন চলাচল করে। এ ছাড়া বিকল্প পথ না থাকায় তারাগঞ্জ ও/এ উচ্চবিদ্যালয়, তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল অ্যান্ড কলেজ, তারাগঞ্জ ও/এ ডিগ্রি মহাবিদ্যালয়, তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাগঞ্জ ও/এ ফাজিল মাদ্রাসা, রাধারানী মহিলা ডিগ্রি কলেজ, কুর্শা আদর্শ উচ্চবিদ্যালয়, তারাগঞ্জ কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা মহাবিদ্যালয়, তারাগঞ্জ শিশু নিকেতনের শিক্ষার্থীদের ওই সড়ক দিয়ে যাওয়া-আসা করতে হয়।
সরেজমিনে দেখা যায়, তারাগঞ্জ অগ্রণী ব্যাংকের সামনে থেকে সোনালী ব্যাংক পর্যন্ত সড়ক দখল করে কৃষকেরা ধান, পাট, আদা, হলুদ বিক্রি করছেন। ক্রেতা-বিক্রেতার ভিড়ে এক কিলোমিটার সড়ক যেন হাটে পরিণত হয়েছে। এর মধ্যেই কষ্টে চলাচল করছে পথচারী ও যানবাহন।
রাধারানী ডিগ্রি মহিলা কলেজের ছাত্রী সুলতানা খাতুন বলেন, হাটের দিন যানজটের কারণে রাস্তা দিয়ে হেঁটে কলেজে যাওয়া যায় না। কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী খালেক এন্টারপ্রাইজের চালক আমিনুর রহমান বলেন, ‘এ রকম যানজট কোথাও দেখিনি। তারাগঞ্জের কাছে এলে মনে হয়, হাটে হারিয়ে গেছি। কোনটা হাট আর কোনটা রাস্তা, বোঝা যায় না। হর্ন বাজালেও লোকজন সরে না।’
তারাগঞ্জ বাজারের বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ‘২০০৭ সালে দোকানপাট উচ্ছেদের পর ব্যবসায়ীরা বাজারটির ভেতরে কৃষকদের উৎপাদিত পণ্য বিক্রির নির্দিষ্ট জায়গা রাখার জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছিলাম। কিন্তু, প্রশাসন শোনেনি। জায়গার অভাবে কৃষকেরা এখন রাস্তার ওপর হাট বসান।’
তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, বিকল্প কোনো পথ না থাকায় হাটের দিন সোমবার শিক্ষার্থীদের ওই সড়ক দিয়ে তাঁর প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থীকে কষ্ট করে যাতায়াত করতে হয়।
তারাগঞ্জ ও/এ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন বলেন, ২০১২ সালের ১০ আগস্ট ‘হাটের জায়গায় দোকানপাট, রাস্তায় চলে কেনাবেচা’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় প্রশাসন নিষেধাজ্ঞা জারি করে। এতে দুই-তিন মাস বন্ধ থাকলেও আবার রাস্তার ওপর হাট বসছে।
তারাগঞ্জ হাটের ইজারাদার শহিদার রহমান বলেন, বিষয়টি কয়েকবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। কিন্তু কাজ হয়নি। ইউএনও গোলাম মওলা বলেন, ‘খোঁজ নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করব।’