তারাগঞ্জে শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা
রংপুরের তারাগঞ্জ উপজেলায় শামীম হোসেন (৬) নামের এক শিশুকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার পশ্চিম অনন্তপুর গ্রামের পুকুরপাড়ে গতকাল মঙ্গলবার দুপুরে ওই ঘটনা ঘটে। আহত শামীমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শামীম পশ্চিম অনন্তপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সে স্থানীয় শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে।
শিশু শামীমের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শামীম গতকাল বেলা দুটার দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। এ সময় ওই গ্রামের জাহাঙ্গীর আলম (৪০) ছুরি দিয়ে তাকে গলা কেটে হত্যার চেষ্টা চালান। শামীমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে জাহাঙ্গীর পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা ওই দিন বিকেলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জেন্নাতি বেগম বলেন, শিশুটির গলায় লম্বায় ৩ ইঞ্চি পরিমাণ কেটে গেছে। তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে কথা বলতে জাহাঙ্গীরের বাড়ি গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর স্ত্রী রূপসা বেগম বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন।’
এ ব্যাপারে শামীমের মা শারমিন বেগম মুঠোফোনে গতকাল বিকেল চারটার দিকে প্রথম আলোকে বলেন, ‘শুনছুন ১০-১২ বছর আগোত ওর (জাহাঙ্গীর) মাথাটা এনা খারাপ আছলিল। এলা তো ভালা। গ্রামের লোকোককে ফাঁসপার জন্য জাহাঙ্গীর মোর কলিজার ধনোক ওয় জবো করি মারি ফেলবার ধরছিল।’
তারাগঞ্জ থানার ওসি আবদুল লতিফ মিঞা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীরের স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে।’