তারাগঞ্জে শুরু হয়নি গম কেনা, কৃষক লোকসানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের নির্দেশ থাকার পরও রংপুরের তারাগঞ্জ উপজেলায় এখনো সরকারিভাবে গম কেনা শুরু হয়নি। এ অবস্থায় প্রয়োজনীয় খরচ জোগাতে ফড়িয়াদের কাছে কম দামে গম বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। সরকারের নির্দেশ অনুযায়ী, গত ১৮ এপ্রিল থেকে ২৮ টাকা কেজি দরে গম কেনা শুরু হওয়ার কথা।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার পাঁচটি ইউনিয়নে ৭৪১ একর জমিতে গমের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় ফলনও ভালো। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২৮ টাকা কেজি দামে তারাগঞ্জে ১২৫ মেট্রিক টন গম কেনার লক্ষ্য ধরা হয়েছে। ১৮ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত কৃষকের কাছ থেকে সরকার সরাসরি গম কেনার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তারাগঞ্জে গতকাল বুধবার পর্যন্ত গম কেনা শুরু হয়নি। এতে করে উপজেলায় গমের দাম কমে গেছে।
ভীমপুর গ্রামের গমচাষি অহাব আলী বলেন, ‘হামার বোরো ধানোত পোকা ধরছে। হাতোত টাকা নাই। ধানখেতের ওষুধ কিনবার জন্যে গম বেচার নাগেছে। কিন্তুক তারাগঞ্জে খাদ্যগুদামে গম না নেওয়ায় বাজারোত গমের দাম পড়ি গেইছে। কম দামোত গম বেচার নাগেছে।’
শেখপাড়া গ্রামের কৃষক মাহাবুব রহমান বলেন, ‘হামারটে সরকার গম কেনার কথা কইলেও খাদ্যগুদামের লোকজন বাত করি গম কেনেছে না। হামার ঘরোত যখন গম থাকবে না, তকনে ওমরা গম কেনবে।’
আলমপুর গ্রামের কৃষক রশিদুল ইসলাম বলেন, বিঘা দুইয়েক জমিতে তিনি গমের চাষ করেছেন। গম উৎপাদন হয়েছে প্রায় ১৮ মণ। সরকারিভাবে গম কেনা শুরু না হওয়ায় তিনি বাজারে প্রতি কেজি গম ১৮ টাকা দরে বিক্রি করে দিয়েছেন। অথচ সরকারের কাছে বিক্রি করতে পারলে প্রতি কেজি গম ২৮ টাকা করে পেতেন।
হাড়িয়ারকুঠি গ্রামের কৃষক নবী বকস অভিযোগ করেন, ‘সরকার কইলেও এখানকার খাদ্য বিভাগ ইচ্ছা করি গম কাটা-মাড়াইয়ের মৌসুমে গম কেনে না। হামার ঘরোত যখন গম থাকে না, তকনে গম কেনে। খাদ্য বিভাগের অলসতায় (অবহেলায়) কৃষকের লোকসান হয়। আর লাভবান হন ব্যবসায়ীরা, নেতারা।’
সয়ার ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন আজম বলেন, ‘গ্রামে শতকরা ৯৫ ভাগ কৃষকই এক ফসল বিক্রি করে আরেক ফসল চাষ করেন। অনেকে মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে আবাদ করেন। ফসল ওঠার সঙ্গে সঙ্গে সেগুলো বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করেন। অন্য ফসল চাষের খরচও মেটান। অভাবের কারণে কৃষক গম, ধান মজুত করে রাখতে পারে না। কাটা-মাড়াই মৌসুমের শুরু থেকেই সরকার গম, ধান কেনা শুরু করলে কৃষকেরা ফসলের ন্যায্য মূল্য পেত।’
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান বলেন, তারাগঞ্জে সরকারিভাবে গম কেনা শুরু না হওয়ায় বাজারে গমের দাম পড়ে যাচ্ছে। ফলে চাষিরা ফড়িয়াদের কাছে কম দামে গম বিক্রি করছেন। এতে খরচ বাদ দিয়ে কৃষকের হাতে তেমন কিছু থাকছে না।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল বাতেন বলেন, গম কেনার প্রস্তুতি চলছে। দুই-চার দিনের মধ্যে ইউএনও, উপজেলা চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে গম কেনা শুরু করা হবে।