তারাগঞ্জে শ্রমিকসংকটে খেত থেকে আলু তুলতে পারছেন না চাষিরা
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী গ্রামের কৃষক জিয়াউর রহমান। আলু আর ধান চাষের আয় দিয়েই তাঁর ১০ সদস্যের সংসার চলে। প্রতিবছর চার একর জমির আলু তোলার পর ওই জমিতে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বোরো ধান রোপণ করতেন। কিন্তু শ্রমিকের অভাবে এবার মার্চ মাসের মাঝামাঝি এসেও এক একর জমির আলু ঘরে ওঠাতে পারেননি।
জিয়াউর বলেন, ‘এবার তো ভাইজান বেশি দাম দিয়াও কামলা (শ্রমিক) পাইছি না। কামলার অভাবে আলু ভুইয়োতে পড়ি আছে। আলু তোলবার না পারায় ভুইয়োত (জমি) নমলা বোরো ধান নাগার পাইছু না।’
ইকরচালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, ‘রাজনীতি ছেড়ে কৃষিকাজ শুরু করছি। এবারে ২৫ একর জমিতে আলুর চাষ করেছি। কিন্তু সরকারের মঙ্গা নিরসন কর্মসূচিতে মাটি কাটার কাজ শুরু করায় আলু তোলার শ্রমিক পাচ্ছি না। কৃষি শ্রমিকের অভাবে খেত থেকে আলু উঠাতে না পারায় পরবর্তী ফসল জমিতে লাগাতে পারছি না।’
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বনাথ সরকার বলেন, প্রায় ১ হাজার ৮৭৪ জন শ্রমিক কর্মসৃজন প্রকল্পের অধীনে কাজ করছে। শ্রমিকের অভাবে বোরো ভুট্টা লাগানো দেরি হলে ফলন কমবে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পাঁচটি ইউনিয়নে ৮ হাজার ৮২ একর জমিতে এ বছর আলুর চাষ হয়েছে। নভেম্বরের শেষ সপ্তাহ ও ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এসব জমিতে আলু লাগানো হয়। ফেব্রুয়ারি মাসের মধ্যে খেত থেকে এসব আলু তুলতে হয়।
গঙ্গাচড়া থেকে আলু তুলতে আসা মেনারুল ইসলাম (৫০) বলেন, ‘আগোত হামার গ্রামের মানুষ দলে দলে তারাগঞ্জত আলু তুলবার আসছিল। এ্যালা হামরা গ্রামোত কামের অভাব নাই। নদীর চরোত সোনার ফসল ফলোছে সেইটে সবায় কাম করতে ব্যস্ত।’
উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, এবার তারাগঞ্জে আলুর ফলন মোটামুটি ভালো হয়েছে। তবে শ্রমিকের অভাবে আলু তোলা পিছিয়ে পড়েছে। আলু তুলতে না পারায় খেতে বোরো, ভুট্টা ও পাট লাগাতে দেরি হচ্ছে।