তারাগঞ্জে শ্রমিক-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক-সংকট ও বৈরী আবহাওয়ার কারণে মাঠ থেকে ধান ঘরে তুলতে পারছেন না রংপুরের তারাগঞ্জের কৃষকেরা। এ বছর ধানের দাম বেশি হলেও শ্রমিকের মজুরির মূল্য বৃদ্ধি, খেতে ব্লাস্ট ও পোকার আক্রমণে ফলন কম হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

উপজেলা কৃষি বিভাগ ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ৭ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরোর চাষ হয়েছে। আলু, তামাক তোলার পর বেশির ভাগ জমিতে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে বোরো লাগানো হয়। এখন প্রায় খেতেরই ধান পাকছে। বোরো আবাদের শুরুতে নানা প্রতিকূলতায় পড়েন কৃষকেরা। ধানের ফলনের মুখে বিভিন্ন খেতে ব্লাস্ট রোগ দেখা দেয়। অনেক কৃষকের ২৮ জাতের খেতের ধান এ রোগে নষ্ট হয়। কিছু জমিতে এই ধান থাকলেও তুলনামূলকভাবে ফলেছে চার ভাগের এক ভাগ। এতে এই জাতের ধানচাষিদের লোকসান গুনতে হচ্ছে। তার ওপর শ্রমিকের অভাবে এসব ধান ঘরে তুলতে পারছেন না চাষিরা।

গত বৃহস্পতিবার উপজেলার ইকরচালী, হাড়িয়ারকুঠি, আলমপুর, সয়ার ও কুর্শা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এখনো হাজারো একর পাকা ধান মাঠে পড়ে আছে। শ্রমিকের অভাবে এসব ধান মাঠ থেকে তুলতে পারছেন না চাষিরা। অনেক চাষি পরিবারের সদস্য নিয়ে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করছেন। গত ১০ দিন ধরে সকালে বালাবাড়ি, ইকরচালী, তারাগঞ্জ ও চিকলীর বাসস্ট্যান্ডে গৃহস্থদের ভিড় আর শ্রমিকদের নিয়ে টানাটানির চিত্র চোখে পড়ে।

মেনানগর গ্রামের আকরাম হোসেন বলেন, ‘এবার ধানের দাম বেশি হইলেও হামার লাভ হইবে না। মোর এক একর ভূইয়োত ইরি বোরো চাষ করতে খরচ হইচে ৩৮ হাজার ৭০০ টাকা। কিন্তু খেতোত পোকা ধরি, পাথর পরি, ব্লার্ড ধরি আধেক (অর্ধেক) ধান নষ্ট হইচে। যেকনা ধান খেতোত আছে তাক কাটি খরচে উঠপে না।’

সরকারপাড়া গ্রামের কৃষক মোশারফ হোসেন বলেন, ‘এবার কিষানেরা ধান কাটতে বেশি করি টাকা নেওয়াছে। গত বছর এক একর জমির ধান কাটতে ৫ হাজার টাকা নিলেও এবার নেওচে ৭ হাজার টাকা। এক বেলা ভাতও খাওছে। তাও কিষান পাওয়া যায়ছে না।’

কাশিয়াবাড়ি গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন, ‘মোর ২০০ শতক (দুই একর) জমির ধান পাকছে। কিন্তু সরকারের মঙ্গা নিরসন কর্মসূচিতে মাটি কাটার কাজে শ্রমিক লাগায় ধান কাটার কিষান পাওছুন না।’

বুড়িরহাট গ্রামের কৃষক আকবার আলী বলেন, ‘বিদেশি (অন্য জেলার) শ্রমিক না পায়া মুই দেশি (নিজ এলাকার) ৬ জন শ্রমিক ধান কাটার কাজে নাগাছুন। এবার ১০০ শতক জমির ধান কাটার জন্য সাত হাজার টাকা চুক্তি করি শ্রমিক নিছনু। একবেলা মাছ-মাংস দিয়া ভাতও খাওয়াছুন।’

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি কার্যালয়ের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বনাথ সরকার বলেন, তারাগঞ্জে বোরো ধান কাটা ১৫-২০ দিন আগে শুরু হয়েছে। মাঝেমধ্যে ঝড়-বৃষ্টি হচ্ছে। চাষিরা দ্রুত ধান মাঠ থেকে ঘরে তুলতে চান। কিন্তু যে পরিমাণ ধানের আবাদ হয়েছে, সে পরিমাণ দিনমজুর নেই। তা ছাড়া সরকারের কর্মসৃজন প্রকল্পে মাটি কাটার কাজে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করায় শ্রমিক-সংকট দেখা দিয়েছে। এতে কৃষকদের ধান ঘরে তুলতে সমস্যা হচ্ছে।