তারাগঞ্জে সরকারি দপ্তরের ফোনগুলো সচল হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের সরকারি দপ্তরের সেই টেলিফোনগুলো সচল করা হয়েছে। গত রোববার থেকে সরকারি কর্মকর্তারা টেলিফোনগুলো ব্যবহার করে কথা বলতে পারছেন।
তারাগঞ্জ এক্সচেঞ্জের লাইনম্যান এয়াকুব আলী বলেন, তারাগঞ্জ চৌপথী মহাসড়কের সংস্কারকাজ করার সময় উপজেলা পরিষদে সংযোগ দেওয়া টেলিফোনের তার ছিঁড়ে যায়। কর্তৃপক্ষের নির্দেশে তা ঠিক করা হয়েছে।
তারাগঞ্জ এক্সচেঞ্জ সূত্র জানায়, ২০০৬ সালে কোটি টাকা ব্যয়ে উপজেলা সদরে দুই একর জমির ওপর অবস্থিত উপজেলা এক্সচেঞ্জটি ডিজিটাল করা হয়। এক্সচেঞ্জটির মাধ্যমে সংযোগের ক্ষমতা রয়েছে ৩৫০টি। বর্তমানে উপজেলার সব সরকারি-বেসরকারি কার্যালয় ও আবাসিক এলাকাসহ মোট সংযোগ রয়েছে ৯৫টি। এর মধ্যে ৪৫টি উপজেলা পরিষদ ও এ-সংলগ্ন এলাকায়। কিন্তু এসব সংযোগ অধিকাংশ সময় বিকল থাকে। এ নিয়ে ৫ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘তারাগঞ্জের অধিকাংশ সরকারি দপ্তরের ফোন নষ্ট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।