তারাগঞ্জে সরকারি দপ্তরের ফোনগুলো ফের বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের সরকারি দপ্তরের ফোনগুলো ফের বিকল হয়ে পড়েছে। বেশির ভাগ ফোনে কথা বলা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন গ্রাহকেরা।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) সূত্রে জানা যায়, ২০০৬ সালে উপজেলা এক্সচেঞ্জটি ডিজিটালে উন্নীত করা হয়। এই এক্সচেঞ্জের মাধ্যমে সংযোগের ক্ষমতা রয়েছে ৩৫০টি। বর্তমানে উপজেলার সরকারি-বেসরকারি কার্যালয়, আবাসিক এলাকাসহ মোট সংযোগ রয়েছে ৮০টি। এর মধ্যে ৩৫টি উপজেলা পরিষদ ও এর সংলগ্ন এলাকায়। এসব সংযোগও বছরের অধিকাংশ সময় নানা কারণে বিকল থাকে।

এ বিষয়ে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘তারাগঞ্জে অধিকাংশ সরকারি দপ্তরের ফোন নষ্ট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর কর্তৃপক্ষ ফোনগুলো সচল করে। কিন্তু কিছুদিন পর ফের উপজেলা পরিষদের বেশির ভাগ টেলিফোন বিকল হয়।

কয়েকজন টেলিফোন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা গেছে, তারাগঞ্জ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ইসলামিক ফাউন্ডেশন, তারাগঞ্জের মডেল রিসোর্স সেন্টার, যুব উন্নয়ন, মৎস্য, নির্বাচন কমিশন, সমবায়, কৃষি, প্রকল্প বাস্তবায়ন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের টেলিফোন দুই-তিন মাস ধরে বিকল। এতে দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটছে। ওই সব কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীকে জরুরি কাজ মুঠোফোনে সারতে হচ্ছে বলে তাঁরা জানান।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুল্লাহ মিয়া তাঁর দপ্তরে টেলিফোন সেটটি এই প্রতিবেদককে দেখিয়ে বলেন, ‘১৪ জুলাই তারাগঞ্জে বদলি হয়ে এসেছি। তখন থেকেই ফোনটি বিকল।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা বেগম বলেন, ‘বিকল টেলিফোন সচল করার জন্য স্থানীয় টেলিফোন অফিসে একাধিকবার যোগাযোগ করেছি। উপজেলা সমন্বয় কমিটিতে বিষয়টি নিয়ে তিনবার কথা বলেছি। তবু ফোনটি সচল হয়নি।’

ওই দিন বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমানের কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানকার ফোনসেটটি মেঝেতে পড়ে আছে। তিনি বলেন, অযথা ফোনটি টেবিলে রেখে লাভ কী? ওই ফোন অনেক আগে নষ্ট হয়ে গেছে।

তবে বিটিসিএলের উপজেলা কার্যালয়ের লাইনম্যান লেবু মিয়া দাবি করেন, টেলিফোনে কথা শোনা যায় না, এমন অভিযোগ যেসব গ্রাহক করেছেন, তাঁদের টেলিফোন সেটগুলো খারাপ। বারবার বলার পরও ওই গ্রাহকেরা সেটগুলো পরিবর্তন করছেন না। তা ছাড়া আগে এক্সচেঞ্জের যাবতীয় কার্যক্রম ব্যাটারি দিয়ে চলত। এখন বিদ্যুৎ দিয়ে চলছে। বিদ্যুৎ চলে গেলে টেলিফোনগুলো বন্ধ হয়ে যায়। ফলে কথা শোনা যায় না।

বিটিসিএলের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মিনহাজুল ইসলাম মুঠোফোনে বলেন, তারাগঞ্জের সব লাইন ভালো রয়েছে। শুধু এক্সচেঞ্জের ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে। এ কারণে বিদ্যুৎ চলে যাওয়ার পর একটু সমস্যা হচ্ছে। ব্যাটারিটি ভালো করার পরিকল্পনা করা হচ্ছে। শিগগিরই এ সমস্যা সমাধান হয়ে যাবে।