তারাগঞ্জে সরকারিভাবে ধান কেনা শুরু হয়নি কৃষক লোকসানে
সরকার ন্যায্যমূল্যে ধান কেনার ঘোষণা দিলেও রংপুরের তারাগঞ্জে সরকারি গুদামের জন্য এখনো ধান কেনা শুরু হয়নি। নিরুপায় কৃষকেরা কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার পাঁচটি ইউনিয়নের ২ হাজার ৩৩৯ জন চাষি ৭ হাজার ৮০০ হেক্টর জমিতে ধান চাষ করেছেন। ২২ টাকা কেজি দরে তারাগঞ্জে ১৬৫ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত ১৫ মে থেকে ৩০ আগস্ট পর্যন্ত সরকার কৃষকদের কাছে থেকে সরাসরি ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে তারাগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান। কিন্তু এখন পর্যন্ত এই উপজেলায় সরকারের পক্ষ থেকে ধান কেনা শুরু হয়নি।
উপজেলার মাটিয়ালপাড়া গ্রামের চাষি মঞ্জুরুল ইসলাম বলেন, ‘সরকারিভাবে ধান কেনা শুরু না করায় ধানের দাম পড়ি গেইছে। ঠেকাত পড়ি হামাক কম দামে বাজারোত ধান বেচার নাগেছে।’
ঘনিরামপুর গ্রামের ধানচাষি মকছুদার রহমান জানান, তাঁর ৬০ শতাংশ জমিতে ধান চাষ করতে খরচ হয়েছে ১৭ হাজার ৫০০ টাকা। ধান উৎপাদিত হয়েছে প্রায় ৪৯ মণ। সরকারিভাবে ধান কেনা শুরু না হওয়ায় তিনি বাজারে প্রতি কেজি ধান ১০ টাকা ৭১ পয়সা দরে বিক্রি করে দেন। এতে তাঁর লোকসান হয়েছে ২ হাজার ৮০০ টাকা। অথচ সরকার কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ২২ টাকা দরে কেনার ঘোষণা দিয়েছে।
ইকরচালী ইউনিয়নের ইউপি সদস্য জিয়াউর রহমান অভিযোগ করেন, ইচ্ছা করেই খাদ্য বিভাগ এখন ধান কিনছে না। কারণ এ সময় ধান কেনা হলে বাজারে ধানের দাম বেড়ে যাবে। লাভবান হবে কৃষক।
উপজেলার রহিমাপুর গ্রামের ধানচাষি মঈন উদ্দিন বলেন, অনেক ধানচাষি মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে আবাদ করেন। ফসল ওঠার সঙ্গে সঙ্গে তা বিক্রি করে তাঁদের ঋণ পরিশোধ করতে হয়। তাই সরকার কখন কিনবে সে আশায় কৃষক গোলায় ধান রেখে দিতে পারেন না। অথচ ধান তোলার পরও সরকার তা না কেনায় কম দামেই কৃষক বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আবদুল বাতেন বলেন, ধান কেনার প্রক্রিয়া চলছে। কয়েক দিনের মধ্যে ধান কেনা শুরু হবে।