তারাগঞ্জে সাত মাসের শিশুকে বিষ দিয়ে মারলেন সৎমা
সৎমায়ের হিংসার বলি হলো সাত মাসের নিষ্পাপ শিশু ময়নুল ইসলাম। বিষাক্ত ইনজেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার সামগঞ্জ ফাঁসিরডাঙা গ্রামে।বুধবার মা মিতা বেগম শিশু ময়নুলকে দিব্যি ভালো অবস্থায় ঘুম পাড়িয়ে রেখে মাঠে গিয়েছিলেন ছাগল আনতে। ফিরে এসে দেখেন সে কাঁদছে। শত চেষ্টায়ও কান্না থামে না। একপর্যায়ে মায়ের চোখে পড়ল ছেলের ঊরু থেকে রক্ত ঝরছে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গেলেন তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসকেরা পরীক্ষা করে বললেন, শিশুটির শরীরে সিরিঞ্জ দিয়ে বিষ প্রয়োগ করা হয়েছে। সেখানে অবস্থার অবনতি হলে ময়নুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ফাঁসিরডাঙা গ্রামের আবদুল করিম বছর দশেক আগে বিয়ে করেন আলমপুর চাকলা গ্রামের হাবিবা বেগমকে। হাবিবার দুটি সন্তান রয়েছে। দেড় বছর আগে করিম দ্বিতীয় বিয়ে করেন সয়ার বকশীপাড়া গ্রামের মিতা বেগমকে। দ্বিতীয় বিয়ের পর করিমের সংসারে অশান্তি নেমে আসে। একদিন মিতা বেগমের কোলজুড়ে আসে একটি ছেলেসন্তান। কিন্তু তা মেনে নিতে পারেননি প্রথম স্ত্রী হাবিবা বেগম।পুলিশ জানায়, মিতা বেগম শিশুসন্তানকে ঘরে রেখে ছাগল আনতে গেলে হাবিবা বেগম ঘুমন্ত শিশুটির শরীরে সিরিঞ্জের সাহায্যে বিষ প্রয়োগ করে বাড়ির বাইরে চলে যান। হাবিবা বেগম বিষ প্রয়োগের কথা স্বীকার করেছেন বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম চৌধুরী জানান।তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজ হোসেন প্রথম আলোকে জানান, শিশুটির শরীরে বিষ প্রয়োগ করা হয়েছিল।শিশুর বাবা আবদুল করিম বলেন, ‘সংসারে ঝগড়া-বিবাদ হতে পারে। তাই বলে ও (বড় স্ত্রী) বাচ্চাটিকে মেরে ফেলবে, তা কখনো ভাবতে পারি নাই। আমি ওর শাস্তি চাই।’পুলিশ হাবিবা বেগমকে (৩০) গত বুধবার সন্ধ্যায়ই গ্রেপ্তার করেছে।