তারাগঞ্জে সেতু বেহাল, ঝুঁকি নিয়ে চলাচল
রংপুরের তারাগঞ্জ উপজেলার দোয়ালীপাড়া-তকেয়া সড়কের খিয়ারজুমঞ্চা বাজারের পাশে ডাংগীরদোলা খালের ওপর নির্মিত সেতুটি বেহাল হয়ে পড়েছে। সেতুটির উভয় পাশের নিচের অংশের ইট-সিমেন্ট খসে পড়ে দেবে গেছে। ভেঙে পড়েছে উইংওয়াল (সেতুর প্রবেশপথ রক্ষার দেয়াল)। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন ও পথচারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলমপুর ইউনিয়নের সঙ্গে তারাগঞ্জ ও রংপুর শহরের যোগাযোগ সহজ করতে ২০ বছর আগে ২১ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে সেতুটি নির্মাণ করা হয়। এরপর সেতুটি আর সংস্কার করা হয়নি। সম্প্রতি সেতুটির পশ্চিম দিকের উইংওয়াল ভেঙে গেছে। পাশাপাশি উভয় পাশের নিচের অংশের ইট-সিমেন্ট খসে দেবে গেছে।
ডাংগীরপাড় গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, ‘ব্রিজ কোনাত উঠলে ভয় নাগে। মনে হয় এই বুঝি ভঙ্গি পড়িল।’ স্থানীয় আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামরুজ্জামান বলেন, বিভিন্ন যানবাহনে করে ইউনিয়নের ২২টি গ্রামের ২০ হাজার মানুষ এ সেতুর ওপর দিয়ে তারাগঞ্জ ও রংপুর শহরে যাতায়াত করে থাকে। সেতুটি ভেঙে পড়লে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হবে।
তারাগঞ্জ উপজেলার প্রকৌশলী জাহিদ হোসেন বলেন, ‘ওই ইউপির চেয়ারম্যানকে সেতুটির কাছে “ঝুঁকিপূর্ণ সেতু” লেখাসংবলিত সাইনবোর্ড টাঙিয়ে রাখতে বলেছি। এবার বরাদ্দ এলে ওই স্থানে নতুন সেতু নির্মাণ করা হবে।’