তারাগঞ্জে সেতুতে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর–সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার চিকলী সেতুর ওপর সৃষ্টি হওয়া ফাটল যেনতেনভাবে সংস্কার করা হয়েছে l ছবি: প্রথম আলো
রংপুর–সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার চিকলী সেতুর ওপর সৃষ্টি হওয়া ফাটল যেনতেনভাবে সংস্কার করা হয়েছে l ছবি: প্রথম আলো

রংপুরের তারাগঞ্জ উপজেলার চিকলী নদীর ওপর নির্মিত সেতুর ওপরের অংশে ফাটলের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সংস্কার করলেও তাতে কোনো লাভ হয়নি। এ অবস্থায় ঝুঁকি নিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন ওই সেতুর ওপর দিয়ে চলাচল করছে।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, সেতুটির মাঝ বরাবর চার ফুটে ফাটলের সৃষ্টি হয়েছে। সেতু দেখভালের দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগ সেখানে চার-পাঁচটি স্ল্যাব ফেলে রেখে যেনতেনভাবে সংস্কারকাজ শেষ করেছে। এর ওপর দিয়ে বাস, ট্রাক, অটোরিকশাসহ বিভিন্ন যান চলছে।
স্থানীয় লোকজন বলেন, রংপুর-সৈয়দপুর মহাসড়কের চিকলী বাজারের পাশে চিকলী নদীর ওপর ১৯৬২ সালে ৯০ মিটার দীর্ঘ এই সেতুটি তৈরি করা হয়। সেতুর ওপর দিয়ে দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার লোকজন যানবাহনে রংপুর, ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিনেও সেতুটি মেরামত বা সংস্কার করা হয়নি।
রংপুরগামী এস এম পরিবহনের চালক মশিয়ার রহমান বলেন, সেতুর ওপরের অংশ ১১ দিন আগে ফেটে যায়। তাই এটার ওপর যখন গাড়ি ওঠে, তখন এটা দুলতে থাকে। বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়ে ওই সেতু দিয়ে চলাচল করতে হচ্ছে। চিকলী গ্রামের কৃষক হায়দার আলী বলেন, ‘বাবা, একনা অনেক পুরাতন ব্রিজ। দেশ স্বাধীনের আগোত একনা বানা হইছে। ব্রিজ কোনাত ওঠলে ভয় নাগে।’
আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, সেতুটি ভেঙে পড়লে সড়কপথে দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার সঙ্গে রংপুর ও ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
সড়ক ও জনপথ বিভাগের রংপুর কার্যালয়ের সহকারী প্রকৌশলী সমীর বাবু মুঠোফোনে বলেন, রোববার সেতু সংস্কার করা হয়েছে। আপাতত ওই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ঝুঁকি নেই। তবে উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান বলেন, জরাজীর্ণ ও পাকিস্তান আমলে নির্মিত সেতুটি দায়সারাভাবে সংস্কার করা হয়েছে। এখনো ঝুঁকি নিয়ে যানবাহন চলছে।