তারাগঞ্জে সড়কের গাছ কাটা চলছেই
রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ-রংপুর মহাসড়ক ও তারাগঞ্জ-বদরগঞ্জ সড়কের পাশ থেকে অবাধে গাছ কাটা চলছেই। সড়কের পাশের গ্রামের লোকজন নির্বিচারে গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, ১৫ বছর আগে রংপুরের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে রংপুর-দিনাজপুর মহাসড়কের দুই পাশে ইউক্যালিপটাস ও শিশুসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়।শাহপাড়া গ্রামের কপিল উদ্দিন বলেন, ‘মহাসড়কের তারাগঞ্জ উপজেলার চিকলীরবাজার থেকে সলেয়াশাহ বাজার পর্যন্ত ১০ কিলোমিটার এলাকার পাশে তেমন বাড়িঘর না থাকায় যে যেভাবে পারছে, সেভাবেই গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। কিন্তু এসব গাছ কাটা বন্ধে কেউ পদক্ষেপ নিচ্ছে না।’বালাপাড়া গ্রামের মমিনুল ইসলাম বলেন, ‘প্রথমে গাছের দু-একটা ডাল কেটে ফেলা হয়। তারপর রাতে গাছের গুঁড়িতে চালানো হয় করাত। সূর্য ওঠার আগেই গাছ হয়ে যায় কয়েক টুকরো। টুকরোগুলো চালান করে দেওয়া হয় আশপাশের করাত কলগুলোতে।’ খিয়ারজুম্মা গ্রামের আতাউর রহমান বলেন, প্রথম দিন কেটে নেওয়া গাছের গুঁড়িটি দৃশ্যমান থাকলেও পরে সেটিও উপড়ে ফেলে মাটি এবং গাছের লতাপাতা ও আর্বজনা দিয়ে এমন পরিবেশ সৃষ্টি করা হয়, তাতে বোঝার উপায় থাকে না দুই দিন আগেও এখানে গাছ ছিল। এভাবে মহাসড়কের গাছ কেটে সাবাড় করা হচ্ছে।প্রায় একই ধরনের কথা বলেন কুর্শা পুরাতন চৌপথি গ্রামের মনমোহন রায়সহ কয়েকজন।কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুল ইসলাম বলেন, গাছ কাটা বন্ধে তারাগঞ্জ-বদরগঞ্জ সড়কের পাশের লোকজনকে নিয়ে কয়েকবার সচেতনতামূলক সভা করা হয়েছে, কিন্তু ফল হয়নি। স্থানীয় সংসদ আনিছুল ইসলাম মণ্ডল বলেন, তারাগঞ্জ-বদরগঞ্জ সড়কের দুই পাশের গাছগুলোর প্রায় ডালপালা নেই। এসব গাছ কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল। তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলিয়ার ফেরদৌস জাহান বলেন, ‘রাস্তার গাছ কাটার কোনো অভিযোগ পাইনি। পেলেই ব্যবস্থা নেব।’ রংপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, ‘এসব সরকারি গাছ দেখার দায়িত্ব সবার। যারা গাছ কাটছেন, তাঁদের ধরতে পারলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’