তারাগঞ্জে হাটের মাঝে মরা গাছ আতঙ্কে মানুষ
রংপুরের তারাগঞ্জ উপজেলার নেকিরহাটের মাঝখানে দাঁড়িয়ে থাকা মরা বটগাছটি দীর্ঘ দিনেও কেটে অপসরণ না করায় ক্রেতা–বিক্রেতারা আতঙ্কে আছেন। কয়েক বছর ধরেই বিপজ্জনকভাবে হাটের মাঝে মরা গাছটি দাঁড়িয়ে আছে৷ গত বছর থেকে এ পর্যন্ত মরা ডাল ভেঙে পড়ে আটজন আহত হয়েছেন৷
হাটের ব্যবসায়ী সমিতির সভাপতি বেলার হোসেন বলেন, প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত হাট চলে৷ ক্রেতা-বিক্রেতার ভিড় লেগেই থাকে৷ ওই গাছের নিচ দিয়ে যেতে হলে সবাই আতঙ্কে থাকে৷ ঝড়-বৃষ্টি হলে ভয় আরও বাড়ে৷ গাছটা ভেঙে কার দোকানের ওপর পরে, কে মারা যাবে সে ভয়ে সবাই অস্থির থাকে৷
হাটের ক্রেতা-বিক্রেতারা জানান, প্রায় শতবর্ষী এই মরা, শুকনো বটগাছটি কয়েক বছর ধরেই এ অবস্থায় রয়েছে৷ একটু বাতাস হলেই ডালপালা ভেঙে পড়ে৷ গত বছরের কালবৈশাখীর সময় গাছটির একটি বড় ডাল ভেঙে পান ব্যবসায়ী জিয়াউর রহমানের দোকানের ওপর পরে দোকানঘরটি ক্ষতিগ্রস্ত হয়৷ পরে বিভিন্ন সময়ে ডাল ভেঙে পড়ে নেকিরহাট গ্রামের মমিনুল ইসলাম, কপিল উদ্দিন সাইফুল ইসলাসসহ আটজন হাটুরে আহত হন।
হাড়িয়ালকুঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, ‘হাটের ব্যবসায়ীরা গাছটি কাটতে ১১ মাস আগে ইউএনওর কাছে আবেদন করেন৷ আমিও এ জন্য ইউএনওকে অনুরোধ করেছি।’
ইউএনও গোলাম মওলা বলেন, শিগগির গাছটি কাটার উদ্যোগ নেওয়া হবে৷