রংপুরের তারাগঞ্জ উপজেলা টেলিফোন এক্সচেঞ্জের ১৫০টি সংযোগের মধ্যে ৭০টিই বিকল হয়ে আছে। দুজন কর্মচারী দিয়ে এক্সচেঞ্জটি চলছে। এ কারণে সেবা পাচ্ছেন না গ্রাহকেরা। বিরক্ত হয়ে অনেকেই আবেদন করে লাইন বন্ধ করে নিয়েছেন।
তারাগঞ্জ এক্সচেঞ্জের লাইনম্যান ইয়াকুব আলী বলেন, ‘বিভিন্ন স্থানে সংযোগ দেওয়া তার নষ্ট হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তারের অভাবে বিকল ৭০টি সংযোগ ঠিক করতে পারছি না।’
এ ব্যাপারে রংপুর এক্সচেঞ্জের উপসহকারী প্রকৌশলী মিনহাজুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অর্থের অভাবে এগুলো এত দিন ঠিক করা সম্ভব হয়নি। তবে খুব শিগগির এ সমস্যা সমাধান করার চেষ্টা করব।’
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, কলরেট কম হওয়া ও সংযোগ সহজ হওয়ার কারণে ল্যান্ডফোনের প্রতি মানুষের আগ্রহ রয়েছে। কিন্তু তারাগঞ্জ এক্সচেঞ্জ থেকে গ্রাহকসেবা না পাওয়ায় এবং গ্রাহকদের লাইন বছরের পর বছর খারাপ থাকার কারণে লোকজন আগ্রহ হারিয়েছেন।
এক্সচেঞ্জ সূত্র জানায়, ২০০৬ সালে কোটি টাকা ব্যয়ে উপজেলা সদরে দুই একর জমির ওপর অবস্থিত উপজেলা এক্সচেঞ্জটি ডিজিটাল হিসেবে উন্নীত করা হয়। এ এক্সেচেঞ্জের ৩৫০টি সংযোগ দেওয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু বর্তমানে উপজেলার সব সরকারি-বেসরকারি কার্যালয় ও আবাসিক এলাকাসহ মোট সংযোগ রয়েছে ১৫০টি। এর মধ্যে ৫০টি উপজেলা পরিষদ ও এর সংলগ্ন এলাকায়। এসব সংযোগও বছরের অধিকাংশ সময় নানা কারণে বিকল থাকে। আর এর বাইরে যাঁরা সংযোগ নিয়েছেন, সেগুলো বছরের বেশির ভাগ সময় ধরে নষ্ট রয়েছে।
তারাগঞ্জ বাজারের মুদির দোকানি পলাশ চন্দ্র রায় জানান, মাসের ৩০ দিনের মধ্যে ২৫ দিনেই তাঁর লাইন খারাপ থাকে। একই ধরনের কথা বলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা দত্ত ও কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র জানান, বছরের অধিকাংশ সময় তাঁদের লাইন খারাপ থাকে। কেল্যাবাড়ী গ্রামের মানিক কুমার দে জানান, তিনি পাঁচ বছর আগে বাড়ি ও তারাগঞ্জ বাজারের দোকানে সংযোগ নিয়েছেন। কিন্তু এক দিনও ঠিকমতো কথা বলতে পারেননি। এক বছর ধরে লাইন দুটি বিকল হয়ে আছে। অথচ প্রতি মাসে সরকার নির্ধারিত (কথা না বললেও) ৯২ টাকা করে ১৮৪ টাকা টেলিফোন বিল দিতে হচ্ছে। অনন্তপুর গ্রামের আতিকুর রহমান বলেন, ‘পাঁচ বছর আগে সংযোগ নিয়েছিলাম৷ প্রায় এক বছর লাইন বিকল থাকার পর সাত মাস আগে তা আবেদন করে বন্ধ করে দিয়েছি।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বছরের অধিকাংশ সময় তাঁর টেলিফোনটি খারাপ থাকায় ফ্যাক্সও বন্ধ থাকে। এ নিয়ে তিনি সমস্যায় রয়েছেন।