তারাগঞ্জে ৩৩ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
রংপুরের তারাগঞ্জে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৩ জন শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল। গতকাল শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় আকস্মিক পরিদর্শনে যান। এ সময় তাঁদের অনুপস্থিত পেয়ে তিনি ওই নির্দেশ দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ১০টা তিন মিনিটে সাংসদ তারাগঞ্জ ও/এ ডিগ্রি কলেজ পরিদর্শনে যান। এ সময় কলেজের ৩৮ জন শিক্ষকের মধ্যে ১৮ জনকে অনুপস্থিত পেয়ে তাঁদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশ দেন। এরপর একে একে তিনি তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল অ্যান্ড কলেজে গিয়ে ১২ জন এবং তারাগঞ্জ ও/এ উচ্চবিদ্যালয়ে তিনজন শিক্ষককে অনুপস্থিত পেয়ে অনুরূপ নির্দেশ দেন।তারাগঞ্জ ও/এ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল ওয়াদুদ ওই ১৮ জন শিক্ষকের অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিধি মোতাবেক এসব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।একই কথা বলেছেন তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিকুল ইসলাম এবং তারাগঞ্জ ও/এ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন।তারাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষক প্রায় দিনই অনুপস্থিত থাকেন, এমন অভিযোগের ভিত্তিতে সাংসদ ওই তিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল বলেন, ‘আমরা কে কোন রাজনৈতিক দল করি, সেটা হবে বাইরে, শিক্ষাপ্রতিষ্ঠানে নয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, অনেক শিক্ষক রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তাঁরা নিয়মনীতির তোয়াক্কা করেন না। আমার প্রধান কাজ হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা। এতে যত বাঁধাই আসুক, তা মোকাবিলা করা হবে।’