তারাগঞ্জে ৬ কর্মকর্তা নেই, ৭ কর্মকর্তা বাড়তি দায়িত্বে
রংপুরের তারাগঞ্জে ছয়টি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে স্থায়ী কর্মকর্তা নেই। দীর্ঘদিন ধরে এই পদগুলো শূন্য। এ ছাড়া এখানকার সাত কর্মকর্তা অন্য উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ফলে উপজেলা পরিষদে নানা কাজে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হয়রানির শিকার হচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), উপজেলা আনসার–ভিডিপি কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য। এদিকে উপজেলা হিসাবরক্ষক, উপজেলা সাব-রেজিস্ট্রার, উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, উপজেলা বন কর্মকর্তা, উপজেলা সহকারী প্রোগ্রাম কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অন্য উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ফলে এ উপজেলার বাসিন্দারা এসব দপ্তরের সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন।
২ মে সকাল সাড়ে ১০টায় পিআইও কার্যালয়ে গিয়ে তালা ঝুলতে দেখা গেছে। কক্ষের সামনে চারজন ইউপি সদস্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন। পাশের কক্ষে কাজ করছেন ওই কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম। তিনি বলেন, চার মাস যাবৎ পিআইও নেই। রংপুর সদর উপজেলার পিআইও এখানে দায়িত্ব পালন করছেন। সপ্তাহে তিন দিন এখানে এসে অফিস করলেও বাকি দুদিন না আসায় নানা সমস্যা হচ্ছে।
উপজেলা সাব–রেজিস্ট্রারের কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানেও অপেক্ষমাণ মানুষের ভিড়। দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, এখানকার সাব-রেজিস্ট্রার উম্মে সালমা সপ্তাহে দুই দিন (রোববার ও সোমবার) রংপুরের কাউনিয়া উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করায় এখানে জমি রেজিস্ট্রি–সংক্রান্ত সমস্যা হচ্ছে। সাধারণ মানুষ জমি রেজিস্ট্রি করতে এসে ফিরে যাচ্ছেন।
সাব–রেজিস্ট্রারের কার্যালয়ের পাশেই সহকারী সেটেলমেন্ট অফিসারের কক্ষটি তালাবদ্ধ। কক্ষের সামনে শহিদুল ইসলাম ও মোফাজ্জল হোসেন নামের মেনানগর গ্রামের দুজন লোক বসে আছেন। তাঁরা জমির পরচা নিতে এসেছেন। শহিদুল ইসলাম বলেন, ‘মুই এক সপ্তাহ থাকি ঘুরোছুং, জমির একনা কাগজ দেখবার জন্যে কিন্তুক কাকো পাইছুং না।’
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার পদটি পাঁচ বছর ধরে শূন্য। এ পদে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন রংপুরের পরিসংখ্যান কর্মকর্তা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় ছিল তালাবদ্ধ। পাশের কক্ষে টেবিলে বসে কিছু লিখছিলেন অফিস সহকারী শিব বাবু। তিনি বলেন, ‘এখানে সমাজসেবা কর্মকর্তা না থাকায় এ অফিসে কাজে আসা লোকদের গালিগালাজ শুনছি।’
সয়ার ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন আজম বলেন, ‘বিশেষ করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পদটি শূন্য থাকায় এবং হিসাবরক্ষক কর্মকর্তা অন্য উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করায় আমাদের বিভিন্ন প্রকল্পের বিল পাস করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
উপজেলার চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ ছয়টি সরকারি দপ্তরে স্থায়ী কর্মকর্তা না থাকায় এবং সাত কর্মকর্তা অন্য উপজেলায় অতিরিক্ত দায়িত্বে থাকায় নানা কাজে মারাত্মক সমস্যা হচ্ছে। শিগগিরই জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবেন বলে জানান চেয়ারম্যান।