সারা দেশে গতকাল মঙ্গলবার এইচএসসির হিসাববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা ‘ক’ সেটের প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়েছে। তবে রংপুরের তারাগঞ্জ কেন্দ্রে ‘খ’ সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হওয়ার পর পরীক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে পড়ে। অবশ্য পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করা হয়েছে। এ ছাড়া কীভাবে এই ভুল হলো, তা খতিয়ে দেখতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।পরীক্ষাকেন্দ্রের কর্মকর্তারা জানান, গতকাল সকাল ১০টায় তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজকেন্দ্রে এইচএসসির বাণিজ্য বিভাগের হিসাববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়। সারা দেশে ‘ক’ সেটের প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্রসচিব সফিকুল ইসলাম ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী হাসানুল করিম সকাল নয়টা ৪৫ মিনিটে তারাগঞ্জ থানা থেকে যে প্রশ্নপত্রগুলো নিয়ে আসেন সেগুলো ‘খ’ সেটের ছিল। পরে ওই প্রশ্নপত্রই এ কেন্দ্রে অংশ নেওয়া ৫৭ জন পরীক্ষার্থীকে সরবরাহ করা হয় এবং তারা পরীক্ষা দেয়। পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে পরীক্ষার্থীরা বিয়ষটি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। তবে কেন্দ্রসচিব সফিকুল ইসলাম বলেন, অসাবধানতাবশত এটা হয়েছে। বিষয়টি শিক্ষা বোর্ডকে লিখিতভাবে জানানো হচ্ছে। পরীক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না বলে তিনি আশ্বস্ত করেন। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) আহ্বায়ক করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বিষয়টি তাৎক্ষণিকভাবে দিনাজপুর বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে।জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম মুঠোফোনে বলেন, তারাগঞ্জের ইউএনও বিষয়টি তাঁদের জানিয়েছেন। তাঁর কাছ থেকে লিখিতভাবে প্রতিবেদন চাওয়া হয়েছে। তিনি আশ্বস্ত করেন, পরীক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই ব্যবস্থা নেওয়া হবে।