তারাগঞ্জের অপহূত শিশু রংপুরে উদ্ধার গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জের জগদীশপুর গ্রামের অপহূত সাত বছরের শিশু শাওন হোসেনকে গতকাল শনিবার পুলিশ রংপুর শহরের একটি ছাত্রাবাস থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শাওন হোসেন জগদীশপুর গ্রামের ইলিয়াছ আলীর ছেলে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির পাশে ইকরচালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা করছিল শাওন। এ সময় তাকে ব্যাট-বল কিনে দেওয়ার কথা বলে পাশের উত্তরপাড়া গ্রামের আবদুল্লাহ সরকার (২৩) মাইক্রোবাসে করে রংপুর শহরের পার্কের মোড় এলাকায় নিয়ে যান। সেখানে তফিক ছাত্রাবাসে তাঁর বন্ধু রাশেদুল ইসলামের কাছে শিশুটিকে রাখেন। এরপর আবদুল্লাহ শিশুর বাবার কাছে মুঠোফোনে এক লাখ টাকা মুক্তিপণ চান। শিশুর বাবা বিষয়টি তারাগঞ্জ থানার পুলিশকে জানান। পুলিশ মুঠোফোন নম্বরের সূত্র ধরে গতকাল বেলা একটার দিকে ইকরচালী বাজার থেকে আবদুল্লাহকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী সন্ধ্যা ছয়টার দিকে শিশুটিকে উদ্ধার এবং রাশেদুলকে আটক করা হয়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।