তারাগঞ্জের কালারঘাটে সেতু নেই, ৩০ গ্রামের মানুষের ভোগান্তি
রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের কালারঘাটে যমুনেশ্বরী নদীর ওপর সেতু না থাকায় ৩০ গ্রামের ৪০ হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে। বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও কৃষকদের।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নদীর পূর্ব পাশে কালারঘাট, উজিয়াল, জলুবার, কুমারপাড়া, জাকোয়াপাড়া, হাতিবান্ধা, পারঘাট, নয়ামাদ্রাসাপাড়া, চান্দিরপুকুরসহ ২০টি গ্রাম। পশ্চিম পাশে চিলাপাক, দোলাপাড়া, অনন্তপুর, সরকারপাড়াসহ ১০টি গ্রাম। পূর্ব পাশে ডাঙ্গিরহাট বাজার। পশ্চিম পাশে চিলাপাক বাজার। এ ছাড়া পশ্চিম পাশে উচ্চবিদ্যালয় ও কলেজ এবং পূর্ব পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ জন্য উভয় পাড়ের মানুষকে নানা প্রয়োজনে প্রতিদিন কালারঘাট দিয়ে যাতায়াত করতে হয়। শুকনো মৌসুমে এলাকাবাসী ওই স্থানে বাঁশের সাঁকো তৈরি করে নদী পারাপার হয়। কিন্তু বর্ষায় নদীতে পানি বেশি থাকায় সাঁকো দিয়ে পারাপার হওয়া যায় না। তখন নৌকা বা কলাগাছের ভেলাই ভরসা।
কালারঘাট গ্রামের ভ্যানচালক সিদ্দিকুর রহমান বলেন, ‘সরকার কত কিছু করে। খালি হামার গ্রামের গোড়ত পুল কোনা বানের না পারে। এটে একনা পুলের জন্য হামার কষ্ট চিরকাল।’
চিলাপাক গ্রামের কৃষক লাল মিয়া বলেন, ‘হামার বাপ-দাদারাও এই নদীর জন্যে কষ্ট প্যায়া মরি গেইছে। হামরাও যাবার পথে। তবু এটেকোনা পুল হয়ছে না।’
উজিয়াল গ্রামের বাসিন্দা মামুন রশিদ বলেন, সেতু না হওয়ায় এলাকাবাসী ঘাটে বাঁশের সাঁকো তৈরি করেছে। প্রতিবছর এটি সংস্কার করতে ২০ থেকে ২২ হাজার টাকা খরচ হয়। কেউ টাকা, কেউ ফসল, আবার কেউ স্বেচ্ছাশ্রম দিয়ে সাঁকোটি তৈরি করেন।
হাড়িয়ারকুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুমারেশ রায় জানান, তিনি উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভায় বিষয়টি একাধিকবার উত্থাপন করেছেন। এ ছাড়া তিনি মৌখিকভাবে বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছেন।
উপজেলা প্রকৌশলী জাহিদ হোসেন বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। খোঁজ নিয়ে সেতু নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে শিগগির প্রয়োজনীয় কাগজপত্র ঢাকায় পাঠাব।