তারাগঞ্জের চিকলী সেতুতে ফের ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার চিকলী নদীর ওপর নির্মিত সেতুতে সৃষ্টি হওয়া ফাটল যেনতেনভাবে সংস্কার করা হয়েছে। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার চিকলী নদীর ওপর নির্মিত সেতুতে সৃষ্টি হওয়া ফাটল যেনতেনভাবে সংস্কার করা হয়েছে। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার চিকলী নদীর ওপর নির্মিত চিকলী সেতুর ওপরের অংশে ফের ফাটলের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ওই অংশ সংস্কার করলেও এখনো ঝুঁকি নিয়ে ওই সেতু দিয়ে যানবাহন চলাচল করছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, চিকলী বাজারের পাশে চিকলী নদীর ওপর ১৯৬২ সালে ৯০ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণ করা হয়। এই সেতু দিয়ে দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের লোকজন যানবাহনে রংপুর, ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। গত বছরের জানুয়ারি মাসে ওই সেতুতে মাঝ বরাবর ফাটল দেখা দিলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সেখানে চার-পাঁচটি স্ল্যাব ফেলে সংস্কার করে। কিন্তু ফের গত বুধবার সকালে ওই সেতুতে ফাটল দেখা দেয়।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, সেতুর পূর্ব দিকে ‘ধীরে চলুন, ঝুঁকিপূর্ণ সেতু’ লেখা সাইনবোর্ড লাগানো হয়েছে। সেতুটির মাঝ বরাবর বুধবার বিকেলে ৩ ফুটের মতো ফাটলের সৃষ্টি হয়েছে। সেতু দেখভালের দায়িত্বে¡থাকা সওজ বিভাগ সেখানে দুটি স্ল্যাব ফেলে রেখে যেনতেনভাবে সংস্কারকাজ শেষ করেছে। সেতুটির যে অংশে সংস্কার করা হয়েছে, সেখানে গাছের চারটি গুল (টুকরা) দাঁড় করিয়ে তার মাথায় লাল পতাকা টানানো হয়েছে। এর ফলে সেতুটি সংকুচিত হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ ওই সেতুর ওপর দিয়ে ধীরগতিতে বাস, ট্রাক, অটোরিকশাসহ বিভিন্ন যান চলছে।
চিকলী গ্রামের কৃষক শিমুল ইসলাম বলেন, ‘বাবা, ব্রিজ কোনা দেশ স্বাধীনের আগোত বানাইচে। ওকনার উঠলে ভয় নাগে। মনে হয় এই বুঝি ভাংগি পড়িল।’
তারাগঞ্জের জগদীশপুর গ্রামের বাসিন্দা মিনিবাসের চালক মোক্তার হোসেন বলেন, ‘ঝুঁকিপূর্ণ ওই সেতুর ওপর যখন গাড়ি ওঠে, তখন এটা দুলতে থাকে। বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়ে ওই সেতু দিয়ে চলাচল করতে হচ্ছে।’
আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদের চৌধুরী বলেন, ‘পাকিস্তান আমলে নির্মিত সেতুটিতে ফাটল দেখা দিয়েছে। রংপুরের সওজ বিভাগকে জানানোর পর বুধবার রাতে তারা যেততেনভাবে সেতুটি সংস্কার করেছে। সেতুটি ভেঙে পড়লে সড়কপথে দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের সঙ্গে রংপুর, ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিলুফা সুলতানা বলেন, ‘ওই সেতুটিতে ফাটল দেখার বিষয়টি এলাকার কয়েকজন আমাকে জানিয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাৎক্ষণিকভাবে সওজ বিভাগকে বলেছি।’
রংপুরের সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম খান গতকাল সকাল সাড়ে ১০টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সেতুটি অনেক পুরোনো। খবর পাওয়া মাত্রই বুধবার রাতে সেতুটির ফাটল ধরা অংশে সংস্কার করা হয়েছে। এখন পুরো সেতুটি সংস্কার করার পরিকল্পনা করা হচ্ছে।