তারাগঞ্জের ছয়টি বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নেই
রংপুরের তারাগঞ্জ উপজেলার ছয়টি বাসস্ট্যান্ডে কোনো যাত্রীছাউনি নেই। এ কারণে বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রীদের প্রতিদিন রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজতে হচ্ছে।
গত বুধবার বৃষ্টির মধ্যে কোলে শিশু নিয়ে ইকরচালী বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন ইকরচালী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের জাহানারা খাতুন। তিনি বলেন, একটি যাত্রীছাউনি থাকলে শিশুকে নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হতো না। জনপ্রতিনিধিরা কেন জনগণের সমস্যার দিকে নজর দেন না, তা বুঝি না।
একই দিন দুপুরে তারাগঞ্জ বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষারত কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের মমেনা বেগম বলেন, রোদে ও বৃষ্টির মধ্যে তাঁদের বাসের জন্য অপেক্ষায় থাকতে হয়। এ কারণে অনেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
একই ধরনের কথা বলেন বালাবাড়ি বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ কয়েকজন যাত্রী।
সরেজমিনে দেখা গেছে, রংপুর-সৈয়দপুর মহাসড়কের উপজেলার ছয়টি স্থান থেকে লোকজন যাত্রীবাহী বাসে ওঠা-নামা করেন। এগুলো হলো তারাগঞ্জ, ইকরচালী, বামদীঘি, চিকলী, বালাবাড়ি ও খিযারজুম্মা বাসস্ট্যান্ড। কিন্তু এসব বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নেই।
ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোবারক হোসেন জানান, একটি স্থায়ী যাত্রীছাউনি নির্মাণে যে পরিমাণ অর্থ প্রয়োজন, তা ইউনিয়ন পরিষদের নেই।
হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, উপজেলা পরিষদের উদ্যোগে যাত্রীছাউনি নির্মাণের উদ্যোগ নেওয়া হলে তা দ্রুতই বাস্তবায়ন করা সম্ভব।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, আগামী অর্থবছরে উপজেলা পরিষদের উদ্যোগে যাত্রীছাউনি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।