তারাগঞ্জের পাকা সড়কগুলো বেহাল
রংপুরের তারাগঞ্জ উপজেলার পাকা সড়কগুলোর অবস্থা এখন বড়ই করুণ। দীর্ঘদিন থেকে প্রায় সব সড়ক এবড়োখেবড়ো ও খানাখন্দে ভরা। এ কারণে এসব সড়কে যাতায়াতকারীদের ভোগান্তি দিন দিন বাড়ছে। ১০ কিলোমিটার দীর্ঘ তারাগঞ্জ-হাতীবান্ধার হাট সড়ক দিয়ে প্রতিদিন শত শত ট্রাক, টেম্পো, রিকশা চলাচল করে। কিন্তু সড়কটি সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কের বেশির ভাগ স্থানে কার্পেটিং উঠে গেছে। আবার কোনো কোনো স্থানে ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।এ সড়কে নিয়মিত যাতায়াতকারী বানিয়াপাড়া গ্রামের মজিবর রহমান বলেন, ‘খানাখন্দে ভরা সড়কে চলার যন্ত্রণার যেন শেষ নেই। এমন খারাপ রাস্তা কোথাও দেখিনি।’ ডাংগীরহাট গ্রামের ভ্যানচালক শহিদার রহমান বলেন, ‘এই রাস্তা দিয়ে খালি ভ্যান নিয়ে যাওয়াও কষ্টকর। মাল বোঝাই করে ভ্যান টেনে নিতে জীবনটা শেষ হয়ে যায়।’ এই সড়কটির মতোই বেহালদশা তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কটিরও। ১১ কিলোমিটার দীর্ঘ এই সড়ক দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াতে লোকজন ব্যবহার করেন। অত্যন্ত ব্যস্ত এই সড়কে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। সড়কটির তারাগঞ্জ এলাকার এক কিলোমিটার অংশ খানাখন্দে ও গর্তে ভরে যাওয়ায় এখানে হেঁটে চলাচলও দুষ্কর। তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়ক দিয়ে যাতায়াতকারী থানাপাড়া গ্রামের স্বপন কুমার রায় বলেন, ‘তারাগঞ্জ বাজারের গোরত এক কিলোমিটার রাস্তাকোনার এক হাত বাদ বাদ পিচ উঠি যেয়া বড় বড় গর্ত হইছে। বৃষ্টি হইলে গর্তগুলাত পানি জমে। তখন এদি হামরা হাইটপার পাই না।’ এদিকে তারাগঞ্জ উপজেলা সদরের পাকা সড়কগুলো ভাঙাচোরা। ইট-সুরকি ও কার্পেটিং উঠে পথ চলা কঠিন হয়ে পড়েছে। তারাগঞ্জ উপজেলার ইকরচালী বাজার থেকে ডাঙ্গাপাড়া পর্যন্ত তিন কিলোমিটার, মাঝেরহাট থেকে ইকরচালী বাজার পর্যন্ত চার কিলোমিটার, তারাগঞ্জ বাজার থেকে উপজেলা পরিষদ পর্যন্ত এক কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং ও ইট উঠে গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনেও এ সড়কগুলো সংস্কার না করায় পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তারাগঞ্জ উপজেলা প্রকৌশলী সফিউর রহমান বলেন, এবার তারাগঞ্জ-কাজিরহাট সড়কের কিছু অংশ সংস্কার করা হচ্ছে। বরাদ্দ পেলে অন্য সড়কগুলো পর্যায়ক্রমে সংস্কার করা হবে।