তারাগঞ্জের সাতটি ডাকঘর বেহাল
রংপুরের তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের সাতটি ডাকঘরের অবস্থা বেহাল। ভাঙা চেয়ার, টেবিল ও আলমারি দিয়ে চালানো হচ্ছে ডাক বিভাগের কার্যক্রম।সরেজমিনে গিয়ে ইকরচালী, ডাংগীরহাট, বুড়ীরহাটের সাতটি ডাকঘরেরই করুণ অবস্থার কথা জানা গেছে। উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে ইকরচালী ডাকঘরে অধীনে রয়েছে ২০টি গ্রাম, ৩০টি বিদ্যালয়, মহাবিদ্যালয় ও মাদ্রাসাসহ বেশ কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। কিন্তু ডাকঘরের নিজস্ব ভবন না থাকায় কার্যক্রম চলে ইকরচালী ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত একটি কক্ষে।এ ডাকঘরের পিয়ন আতিয়ার রহমান বলেন, ‘হামার অপিসটার ভাই করুণ দশা? চেয়ার-টেবিল নাই, বেঞ্চ একনা। টিনের ছিদ্র দিয়া পানি পড়ে, জানালা দুখানও ভাঙ্গা। ফাঁক দিয়া ইঁদুর, সাপ ঢোকে। ভয়ে এটে থাকবার মন চায় না।’ এ ডাকঘরের রানার আবুল কাশেম বলেন, ‘হামার কষ্ট কায়ও দ্যাখে না। বেতন বাড়ায় না, ঘরও দেয় না। ৯৫০ টাকা বেতনে কি এনতন কষ্ট করি চাকুরি করা যায়।’ডাংগীরহাট ডাকঘরের পোস্ট মাস্টার জাহাঙ্গীর আলম বলেন, ‘বিদ্যুৎহীন ও নিরাপত্তাহীন এ অফিস চুরি যাওয়ার ভয়ে প্রতিদিন কাজের পর ডাকঘরের উপকরণগুলো বাড়ি নিয়ে যাই, আবার অফিসে নিয়ে আসি।’ সয়ার ইউনিয়নের বুড়ীরহাটের পোস্ট অফিটটি খোঁজ করেও পাওয়া যাচ্ছিল না। বুড়ীরহাট বাজারের ব্যবসায়ী আক্কাস আলী জানান, পোস্ট অফিসের নিজস্ব ঘর নেই। ডাকঘরের কার্যক্রম চলে পোস্ট মাস্টারের বাড়ি ও দোকানে। এ ডাকঘরের পোস্ট মাস্টার রওশন আলী বলেন, ‘পোস্ট অফিসের নিজের ঘর তুলবার কইলে স্যারেরা জমি চায়। কায়ও জমি দেয় না, আর ঘরও হয় না। হামাক খালি দৌড়াদৌড়ি করবার নাগে।’ একই অবস্থা অন্যগুলোরও।উপজেলা ডাকঘরের পরিদর্শক ওয়াদুদ হোসেন বলেন, ‘ডাকঘরগুলো নিজস্ব জমি না থাকায় ভবন নির্মাণের সুপারিশ করতে পারছি না। স্থায়ীভাবে ডাকঘরের নামে তিন শতক জমি দান করলে সেখানে ভবন নির্মাণ করা হবে। আর নতুন ভবন ছাড়া আসবাবপত্র সরবরাহ করা সম্ভব নয়।’