তারাগঞ্জের হাটবাজারে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা
রংপুরের তারাগঞ্জ উপজেলার হাটবাজারগুলো থেকে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আদায় করা হয়। কিন্তু এসব হাটবাজারে উন্নয়নের ছোঁয়া লাগেনি। পর্যাপ্ত নালা-নর্দমা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
উপজেলার পাঁচটি ইউনিয়নে ছোট-বড় মিলিয়ে ১৮টি হাটবাজার রয়েছে। এর মধ্যে তারাগঞ্জ, ইকরচালী, বালাবাড়ী, বুড়িরহাট, ডাঙ্গীরহাট ও চিকলীর বাজার উল্লেখযোগ্য। সরেজমিনে দেখা গেছে, তারাগঞ্জ ও চিকলীর হাটে পানিনিষ্কাশনের নালা আছে। তবে পরিকল্পনামাফিক নির্মিত না হওয়ায় এসব নালা দিয়ে পানিনিষ্কাশন হয় না। উল্টো নালাগুলো আবর্জনায় পরিপূর্ণ হয়ে সব সময় দুর্গন্ধ ছড়ায়।
চিকলীর হাটের কাপড় ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, সামান্য বৃষ্টিতেই বাজারে হাঁটুসমান পানি জমে। এতে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগে পড়তে হয়।
তারাগঞ্জ ও/এ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন বলেন, কেল্লাবাড়ী, থানাপাড়া, জদ্দিপাড়া ও অনন্তপুর গ্রামের ছেলে-মেয়েদের তারাগঞ্জ বাজারের রাস্তা পার হয়ে স্কুলে আসতে হয়। ফলে ওই বাজারে জলাবদ্ধতার সৃষ্টি হলে বিদ্যালয়ে ছেলে-মেয়েরা আসতে পারে না।
ডাঙ্গীরহাটের ব্যবসায়ী মিলন রহমান বলেন, বালাবাড়ী, বুড়িরহাটসহ অন্যান্য হাটবাজারেও সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়।
ইকরচালী বাজারে গিয়ে দেখা যায়, প্রবেশের প্রধান রাস্তায় পানি জমে আছে। এ বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি অহিদুল ইসলাম বলেন, বাজারে তিন শত ব্যবসায়ী প্রতি বর্ষায় ভয়াবহ দুর্ভোগে পড়েন।
ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রবিউল ইসলাম বলেন, বাজারের পানিনিষ্কাশনে নালা-নর্দমা নির্মাণের জন্য ইউপি চেয়ারম্যানকে একাধিকবার বলা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। ইউপি চেয়ারম্যান নুরুন্নবী বলেন, হাটবাজারগুলোতে জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। এ বছরেই কয়েকটি হাটে নালা-নর্দমা নির্মাণ করা হবে।