তারাগঞ্জের হাটবাজারে নেই নালা, শৌচাগার
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ১৮টি হাটবাজার রয়েছে। এগুলো জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে ইজারা দেওয়া হয়। ইজারা দিয়ে আয় হয় প্রায় দেড় কোটি টাকা। অথচ হাটবাজারগুলোর উন্নয়নে কর্তৃপক্ষ নজর দিচ্ছে না বলে ব্যবসায়ীদের অভিযোগ। কয়েকটি হাটবাজারে গিয়ে দেখা গেছে জীর্ণ দশা, অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ। উপজেলার অন্যতম বড় বাজার ও হাট হচ্ছে ইকরচালী বাজার। ১১ সেপ্টেম্বর বিশাল ওই হাটে সরেজমিনে দেখা গেছে, সেখানে পানিনিষ্কাশনের কোনো নালা নেই। মাছবাজার বসেছে খোলা জায়গা ও নোংরা পরিবেশে। এখানে সপ্তাহে তিন দিন হাট বসে। প্রতি হাটে শত শত লোক এলেও এখানে কোনো গণশৌচাগার নেই। বাধ্য হয়ে অনেকেই প্রাকৃতিক কাজ সারে খোলা স্থানে। এতে হাটের পরিবেশ দূষিত হচ্ছে।হাটের মাংসবাজারে পচা রক্ত ও নোংরা পানি-মাটির দুর্গন্ধে ক্রেতা-বিক্রেতারা অতিষ্ঠ। একটু বৃষ্টি হলে গোটা বাজারে পানি জমে। একই ধরনের সমস্যা বিড়াবাড়ীর হাট, বালাবাড়ীর হাট, চান্দেরপুকুরের হাটে। এই তিনটি হাটেও পানিনিষ্কাশনের নালা ও গণশৌচাগার নেই। ইকরচালী বাজারের পানদোকানি মমিনুল ইসলাম বলেন, ১০ বছর ধরে এই বাজারের কোনো উন্নয়ন নেই। বালাবাড়ীর হাটে হোটেল ব্যবসায়ী আমিনুল হক বলেন, তারাগঞ্জ উপজেলাকে সাত বছর আগে শতভাগ স্যানিটেশন-সুবিধার উপজেলা ঘোষণা করা হলেও অনেক হাটবাজারে এখনো গণশৌচাগার তৈরি করা হয়নি। ফলে হাটবাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের মলমূত্র ত্যাগ করতে হচ্ছে খোলা আকাশের নিচে।ডাংগীরহাট বাজারের ওষুধ বিক্রেতা হামিদুল হক বলেন, এখানকার গণশৌচাগারটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় লোকজনকে খোলা স্থানে মলমূত্র ত্যাগ করতে হচ্ছে। উপজেলার সবচেয়ে বড় তারাগঞ্জ বাজারে একটি গণশৌচাগার থাকলেও সেটি অপরিচ্ছন্ন থাকে। সোম ও শুক্রবার হাটের দিন প্রাকৃতিক কাজ সারতে লোকজন লাইন দেয়। বাজারের নালাগুলো ময়লা-আবর্জনা জমে বন্ধ হয়ে গেছে। স্থানসংকটে মাছ ও মাংস ব্যবসায়ীরা দোকান বসান খোলা আকাশের নিচে। এখানে বাজার করতে আসা থানাপাড়া গ্রামের মইনুল ইসলাম বলেন, বাজারে সারা বছরই কাদা থাকে। সামান্য বৃষ্টি হলে পুরো বাজারে পানি জমে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফরহাদ হোসেন বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। খোঁজ নিয়ে হাটবাজারের সমস্যাগুলোর সমাধানে পরিকল্পনা করব।’