তারানকো আজ আসছেন
দুই দলকে সংলাপ ও নির্বাচনের সহায়ক পরিবেশ সৃষ্টিতে উৎসাহ জোগাতে জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় আসছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ দিনের সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া, দুই দলের সাধারণ সম্পাদক ও যুগ্ম মহাসচিব ছাড়াও প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন তারানকো। এ ছাড়া কূটনীতিক, নাগরিক সমাজ ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তারানকো।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবারকার ঢাকা সফরে তারানকো পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তাঁদের মধ্যে রয়েছেন জাতিসংঘের নির্বাচন সহায়তা বিভাগের পরিচালক, মধ্যস্থতা বিশেষজ্ঞ ও রাজনীতি বিভাগের দুই কর্মকর্তা।
জানা গেছে, এই সফরে তারানকো দুই দলের নেতাদের সঙ্গে আলোচনায় জাতিসংঘের মহাসচিব বান কি মুনের চিঠির পরিপ্রেক্ষিতে সংলাপে উৎসাহ জোগাবেন। মহাসচিব গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে চিঠি লেখেন। ওই চিঠিতে ‘সত্যিকার অর্থেই অংশগ্রহণমূলক’, ‘বাস্তবিক অর্থেই বিশ্বাসযোগ্য’ ও ‘সহিংসতামুক্ত নির্বাচনের’ সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ‘পরস্পরের কাছে গ্রহণযোগ্য সমাধানে’ পৌঁছানোর তাগিদ দেওয়া হয় দুই নেত্রীকে।
এর আগে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির অনুরোধ জানিয়ে বান কি মুন গত আগস্টে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে টেলিফোন করেন। এক বছরের মধ্যে এটি হচ্ছে তারানকোর তৃতীয় ঢাকা সফর।