তারানকো ৬ ডিসেম্বর ঢাকায় আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কার ফানান্দেজ তারানকো
অস্কার ফানান্দেজ তারানকো

জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফানান্দেজ তারানকো পাঁচ দিনের সফরে আগামী ৬ ডিসেম্বর ঢাকায় আসছেন। এ সফরের সময় অন্যদের মধ্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী আজ বুধবার প্রথম আলো ডটকমের কাছে তারানকোর ঢাকা সফরের তথ্যটি নিশ্চিত করেছেন।
এদিকে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার জাতিসংঘের সহকারী মহাসচিবের সফরের বিষয়টি আজ বিকেলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হককে অবহিত করেছেন।
কূটনীতিক সূত্রে জানা গেছে, তারানকোর এবারকার ঢাকা সফরে সফরসঙ্গী হিসেবে আসছেন জাতিসংঘের নির্বাচন পর্যবেক্ষণ-সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। নির্বাচন প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিধিদল সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
পাঁচ দিনের সফরের সময় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ছাড়াও তিনি প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকসহ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। এ ছাড়া নাগরিক সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে তারানকো মতবিনিময় করবেন।

জানা গেছে, অস্কার ফার্নান্দেজ তারানকো এ সফরের সময় বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বার্তা পৌঁছে দেবেন। নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান দুই দলের রাজনৈতিক সাংঘর্ষিক অবস্থান ও সহিংসতার পরিপ্রেক্ষিতে বান কি মুন গত ৩১ অক্টোবর একটি বিবৃতি দেন। ওই বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব রাজপথের সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সংলাপের জন্য গৃহীত সাম্প্রতিক পদক্ষেপগুলো অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।  একটি বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য তিনি সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন।  

এর আগে গত ২৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে টেলিফোন করেন বান কি মুন। বাংলাদেশের দুই নেত্রীকে সংঘাতের পরিবর্তে সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান।

প্রসঙ্গত, এক বছরের মধ্যে এটি হবে তারানকো তৃতীয় বাংলাদেশ সফর। এর আগে তিনি ২০১২ সালের ডিসেম্বর ও এ বছরের মে মাসে ঢাকায় আসেন।