তারানকোর মধ্যস্থতায় আ. লীগ-বিএনপির বৈঠক চলছে

জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ তারানকোর মধ্যস্থতায় আজ বুধবার দুপুরে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। রাজধানীর গুলশানে এ বৈঠক চলছে।
আওয়ামী লীগ ও বিএনপির দলীয় সূত্র বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। অন্যদের মধ্যে আছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, গওহর রিজভী প্রমুখ।
বিএনপির নেতৃত্ব দিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদের মধ্যে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আবদুল মঈন খান।
চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে তারানকো পাঁচ দিনের সফরে গত শুক্রবার বাংলাদেশে আসেন। গতকাল মঙ্গলবার রাতে তাঁর নিউইয়র্কে ফিরে যাওয়ার কথা ছিল। তবে বিকেলে তাঁর সফরের সময়সীমা ২৪ ঘণ্টা বাড়িয়ে আজ রাত পর্যন্ত করা হয়। রাতে তাঁর ঢাকা ছাড়ার কথা।