তারানকোর সঙ্গে বৈঠকে আ.লীগের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বৈঠকে বসেছে।

এর আগে সকাল সাড়ে আটটার দিকে তারানকো জার্মান রাষ্ট্রদূতের বাসায় একটি বৈঠকে বসেন। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত তিনি প্রথমে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক, পরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। তবে এসব বৈঠকের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

বৈঠক সূত্র জানায়, তারানকো বৈঠকগুলোতে বলেছেন, তাঁরা চান সবার অংশগ্রহণে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। এ পরিবেশের জন্য সংলাপ দরকার। সংলাপের জন্য সব ধরনের উদ্যোগের চেষ্টা চালিয়ে যেতে হবে। চলমান পরিস্থিতিতে জাতিসংঘ উদ্বিগ্ন বলে তিনি জানান।

অস্কার ফার্নান্দেজ তারানকো গত শুক্রবার রাতে ঢাকায় এসেছেন। এ সফরের সময় ‘পরস্পরের কাছে গ্রহণযোগ্য সমাধানে’র মাধ্যমে একটি ‘অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত’ নির্বাচনের জন্য দুই দলকে সংলাপে উত্সাহ জোগাতে এটা হতে পারে জাতিসংঘের শেষ উদ্যোগ।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ সফরে তারানকো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দুই দফা আলোচনা করবেন। আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রী ও সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে প্রথম দফা বৈঠক হবে তারানকোর। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাঁর আলোচনা হবে। ৯ ডিসেম্বর দুই নেত্রী ও দুই দলের নেতাদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করবেন তিনি।

রাজনৈতিক সংকট কাটাতে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রতিনিধি হিসেবে অস্কার ফার্নান্দেজ তারানকো এর আগে দুইবার ঢাকা সফর করেন। প্রথমবার গত বছরের ডিসেম্বরে এবং দ্বিতীয়বার এ বছরের মে মাসে তিনি ঢাকায় আসেন। এবারকার ঢাকা সফরে তারানকো পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ১০ ডিসেম্বর তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।