জাতিসংঘের সহকারী মহাসচিবের আসন্ন ঢাকা সফরের সময় বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে ‘বড় ধরনের অগ্রগতি’ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আলব্রেখট কনজে।
গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তাঁর দপ্তরে বৈঠকের পর জার্মান রাষ্ট্রদূত সাংবাদিকদের কাছে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর এ আশাবাদ তুলে ধরেন।
আগামী ৬ ডিসেম্বর পাঁচ দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো।
আলব্রেখট কনজে বলেন, ‘অস্কার ফার্নান্দেজ তারানকোর আসন্ন সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরটি শেষ মুহূর্তে হলেও তা ঠিক সময়েই হচ্ছে। কাজেই আমাদের সবার প্রত্যাশা তাঁর সফরের আগেই দুই পক্ষ দায়িত্বশীল পদক্ষেপ নেবেন। এ সফরের সময় বড় ধরনের অগ্রগতি হবে এবং এ প্রক্রিয়ার সঙ্গে জার্মান সরকার অব্যাহতভাবে কাজ করবে। আমি বিশ্বাস করি, ইউরোপীয় ইউনিয়ন এ জন্য কাজ করে যাবে।’