তারাপাশা চা-বাগানে সমস্যার সমাধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের তারাপাশা চা-বাগানে মহানামযজ্ঞকে (কীর্তন) কেন্দ্র করে বাগানের চা-শ্রমিকদের দুই পক্ষের বিরোধ সাময়িক নিরসন হয়েছে। কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই পক্ষের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও বাগান পঞ্চায়েত প্রতিনিধির উপস্থিতিতে এক বৈঠকে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। সমঝোতা অনুযায়ী উৎসবে বৈষ্ণবরা প্রসাদ রান্না ও বিতরণ করবে এবং উৎসব কমিটিতে সব সম্প্রদায়ের লোক থাকবে। দুই পক্ষই এই সিদ্ধান্ত মেনে নিয়েছে।চা-বাগান সূত্রে জানা গেছে, তারাপাশা চা-বাগানে আগামী ১০ ফেব্রুয়ারি মহানামযজ্ঞ অনুষ্ঠান। উৎসব সম্পন্ন করতে মহানামযজ্ঞ উদ্যাপন কমিটি গঠন এবং বাগানের সব সম্প্রদায়ের কাছ থেকে চাঁদাও সংগ্রহ করা হয়। কিন্তু একপর্যায়ে বাগানের অন্যান্য সম্প্রদায় রবিদাস সম্প্রদায়কে ‘নীচ বর্ণ’ আখ্যা দিয়ে বাগান পঞ্চায়েতের মাধ্যমে জানানো হয়, রবিদাস সম্প্রদায়কে দূর থেকে মহানামযজ্ঞ দেখতে হবে। তারা প্রসাদ বিতরণে অংশ নিতে পারবে না বা কোনো কিছু স্পর্শ করতে পারবে না। এ নিয়ে রবিদাস সম্প্রদায় ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।এই সিদ্ধান্তের প্রতিকার চেয়ে রবিদাস সম্প্রদায়ের পক্ষ থেকে ১০ জানুয়ারি মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উদ্যোগে তাঁর কার্যালয়ে চা-বাগানের উভয় পক্ষকে নিয়ে এক বৈঠক হয়েছে। বৈঠকে দুই পক্ষের প্রতিনিধি ছাড়াও টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালিক, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হৈমন্তী কালোয়ার, বাগান পঞ্চায়েতের সভাপতি সুরনারায়ণ নাইডু প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে আলাপ-আলোচনার মাধ্যমে উৎসবে বৈষ্ণবরা প্রসাদ রান্না ও বিতরণ করবে বলে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া উৎসব কমিটিতে সব সম্প্রদায়ের লোক থাকবে। দুই পক্ষই সিদ্ধান্ত মেনে নিয়েছে।তারাপাশা চা-বাগানের মহানামযজ্ঞ উদ্যাপন কমিটির সভাপতি স্বপন কুমার নাইডু গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘বৈষ্ণবরা প্রসাদ রান্না ও পরিবেশন করবে। উভয় পক্ষই এটা মেনে নিয়েছে। এখন আর কোনো সমস্যা নেই।’ তারাপাশা রবিদাস সমাজ উন্নয়ন সংগঠনের সভাপতি উত্তম কুমার রবিদাস বলেন, ‘উভয় পক্ষই বৈঠকে ছিল। সিদ্ধান্ত হয়েছে যে উভয় পক্ষের কেউ প্রসাদ রান্না ও বিতরণে থাকবে না। বৈষ্ণব দিয়ে রান্না ও বিতরণ করা হবে। সমস্যার সাময়িক সমাধান হয়েছে। কিন্তু বর্ণবৈষম্য থেকেই গেছে।’ উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘তারা নীচু বর্ণের! তাই...’ শিরোনামে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়েছে।